ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ রাখার সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
তারা বলছে, এর মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার নির্বাচনী অঙ্গীকারের পরিপন্থী কাজ করেছে। এটা দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্র"তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের উদ্ধৃতি দিয়ে শুক্রবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "আওয়ামী লীগ তার নির্বাচনী অঙ্গীকারে সুস্পষ্টভাবে বলেছিলো, বৈধ সূত্রের বাইরে অর্জিত আয় এবং কালো টাকার মালিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।
"কিন্তু সরকারের প্রথম বাজেটেই কালো টাকার মালিকদেরই বাস্তবে পুরস্কৃত করার সুযোগ দেওয়া হয়েছে। এটা কর ফাঁকিকেই উৎসাহিত করবে। একদিকে সরকার রাজস্ব আয় বাড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে, অন্যদিকে কর ফাঁকি দেওয়াকে উৎসাহিত করছে। এটা পরস্পরবিরোধী অবস্থান।"
তবে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমন রোধে সরকারের নির্বাচনী অঙ্গীকারের কথা বাজেট বক্তৃতায় উল্লেখ থাকার প্রশংসা করেছে টিআইবি। বাজেটে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের বিষয়টিকে গুরুত্ব দেওয়ায় তা স্বাগত জানিয়েছে টিআইবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭০০ ঘ.
bdnews24