ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেট প্রণয়নের চেয়ে এর বাস্তবায়নই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, "বাজেট প্রণয়নের চেয়ে বাজেট বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। আমাদের সরকার এ চ্যালেঞ্জ নিয়েছে।"
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে সাধারণ জনগণের ওপর করের বোঝা চাপানো হয়নি।
কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার এবং তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদসহ কয়েকজন মন্ত্রী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রীর পাশাপাশি তারাও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বৃহস্পতিবার প্রধান বিরোধীদল বিএনপির অনুপস্থিতিতে সংসদে ২০০৯-১০ অর্থবছরের জন্য এক লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রথম এ বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৩৪ হাজার ৩৫৮ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/এইচএ/১৮২৫ ঘ.
bdnews24