২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসাধারণের ওপর পরোক্ষ করের চাপ পড়বে: প্রবীণ সিএর ভাষ্য

বাজেটকে 'উচ্চাভিলাষী' আখ্যা দিয়ে প্রবীণ চার্টার্ড অ্যাকাউনট্যান্ট এ কে চৌধুরী বলেছেন, এ বাজেট বাস্তবায়ন করতে গিয়ে জনসাধারণের ওপর পরোক্ষ করের চাপ পড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 06:23 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাজেটকে 'উচ্চাভিলাষী' আখ্যা দিয়ে প্রবীণ চার্টার্ড অ্যাকাউনট্যান্ট এ কে চৌধুরী বলেছেন, এ বাজেট বাস্তবায়ন করতে গিয়ে জনসাধারণের ওপর পরোক্ষ করের চাপ পড়বে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট বক্তৃতার পর এ কে চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংশোধিত বাজেটের তুলনায় এ বাজেট কিছুটা উচ্চাভিলাষী। তিনি বলেন, এ বাজেট বাস্তবায়ন করতে হলে সরাসরি কর বাড়াতে হবে। কিন্তু সরাসরি কর বাড়ানো হয়নি। মূল্য সংযোজন করসহ বিভিন্ন পরোক্ষ করের কারণে জনগণের ওপর এর চাপ পড়বে। বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে দেশে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। চাটার্ড অ্যাকাউনট্যান্ট এ কে চৌধুরী বলেন, "সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বলছে। অথচ বাজেটে তথ্য প্রযুক্তির জন্য বরাদ্দ দিয়েছে মাত্র ২০০ কোটি টাকা। এতে কিভাবে ডিজিটাল বাংলাদেশ করবে। এটি কমপক্ষে ১০০০ কোটি টাকা করা উচিত ছিল।" এ কে চৌধুরী বলেন, প্রতিটি হাইস্কুলে কমপক্ষে ২টি করে কম্পিউটার, একটি প্রিন্টার ও ইন্টারনেট সংযোগ দেওয়া উচিত। মোবাইল ফোন শিল্পের জন্য কিছু বলা হয়নি এ বাজেটে। অথচ দেশের ৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে সাড়ে তিন শতাংশই মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে। এ বাজেটে 'অনেক গরমিল' আছে বলেও তিনি মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১২২৮ঘ.