২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট রপ্তানি ও ব্যবসায়ীবান্ধব নয়: সাবেক বিজিএমইএ নেতা পারভেজ

প্রস্তাবিত ২০০৯-২০১০ সালের বাজেট রপ্তানি ও ব্যবসায়ীবান্ধব নয় বলে মনে করেন বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানীকারকদের সংগঠন বিজিএমইএ'র সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 06:12 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রস্তাবিত ২০০৯-২০১০ সালের বাজেট রপ্তানি ও ব্যবসায়ীবান্ধব নয় বলে মনে করেন বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানীকারকদের সংগঠন বিজিএমইএ'র সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ। বাজেট নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "দেখে আশ্চর্য হয়েছি যে দেশের সবচেয়ে বড় রপ্তানীখাত তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের কোনও আলোচনাই এই বাজেটে নেই। এই দু' খাতের সঙ্গে সরাসরি ৬০ লাখ মানুষের কর্মসংস্থান জড়িত। অথচ এখানে এ খাত দু'টো নিয়ে কিছু নেই। তাই আমার মনে হচ্ছে এ বাজেট রপ্তানী ও ব্যবসায়ী বান্ধব নয়।" তিনি বলেন, "বাজেটে মাইক্রো খাতে বেশি ফোকাস হয়েছে। আর ম্যাক্রো খাত উপেক্ষিত হয়েছে।" সরকারের আয়-ব্যয়ের হিসেবে 'বিশাল ফারাক' এ মন্তব্য করে পারভেজ বলেন, "এ বাজেটে ২৯ হাজার কোটি টাকা ঘাটতি দেখে আমি আতঙ্কিত হচ্ছি। এটা শিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এ ঘাটতি কাটাতে সরকারকে ব্যাংকগুলোর শরণাপন্ন হতে হবে। আর এর ফলে ব্যাংকগুলো শিল্পখাতে বিনিয়োগে অনীহা প্রকাশ করতে পারে।" শিল্পই ভবিষ্যতে অর্থনীতির ভিত্তি হবে মন্তব্য করে পারভেজ বলেন, "কৃষি জমি কমছে। শিল্পের ওপর ভিত্তি করেই অর্থনীতিকে এগিয়ে নিতে হবে এটা সরকারকে মনে রাখতে হবে।" সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রসঙ্গে তিনি বলেন, "এক্ষেত্রে সরকারের একটি রেগুলেটরি বডি হিসেবে থাকা উচিত। কীভাবে নীতিকে আরও বাণিজ্য সহায়ক করা যায় সেটা দেখা উচিত। সরকার বেসরকারি উদ্যোগের সঙ্গে সমানতালে অংশ নিতে গেলে এর বেনিফিট কেউ নিতে পারবে না।" উচ্চমাধ্যমিকের পর ছয় মাসের প্রশিক্ষণ দিয়ে দু' বছরের জন্য চাকরি দেওয়ার প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, "এটা খুবই অবাস্তব চিন্তা।" বাজারে চাহিদা আছে এমন খাতের আলোকে প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সেক্ষেত্রে পরে প্রাইভেট সেক্টরেই তাদের কর্মসংস্থান হবে। "সরকার যদি এদের চাকরি দিতে যায় তাহলে পুরো উদ্যোগই মাঠে মারা যাবে" , মন্তব্য পারভেজের। তিনি মত দেন, "সরকারের উচিত সবকিছু রাজনৈতিক আঙ্গিকে না দেখে বাস্তবতার নিরিখে দেখা।" সাবেক বিজেএমইএ নেতা তার মতে বাজেটের 'ইতিবাচক' দিক তুলে ধরে বলেন, "দীর্ঘমেয়াদে জিডিপি'র লক্ষ্যমাত্রা পূরণের উদ্দেশ্য রয়েছে এ বাজেটের। এছাড়া মানবসম্পদ উন্নয়ন, সামাজিক সেফটি নেট এ ভাবনাগুলো খুবই ইতিবাচক।" এ বাজেটে দীর্ঘমেয়াদে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে যেগুলো তার কাছে নতুন ও ইতিবাচক মনে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৫৫ঘ.