ফারুক ইকবাল,
চট্টগ্রাম ব্যুরো চিফ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি করা রিকন্ডিশন্ড গাড়ির ওপর করারোপকে 'ধারণাতীত ও নজিরবিহীন' বলে অভিহিত করেছেন আমদানিকারকরা।
গাড়ি ব্যবসায়ীরা বলছেন, প্রকারভেদে সর্বনিম্ন সাড়ে তিন লাখ থেকে প্রায় পৌনে এক কোটি টাকা পর্যন্ত কর বাড়ানো হয়েছে।
গত ত্রিশ বছরের মধ্যে রিকন্ডিশন্ড গাড়ির ওপর এত বেশি করারোপ করা হয়নি বলেও অভিযোগ করেন তারা। ব্যবসায়ীরা বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি দাবি জানান।
আমদানিকারকরা জানান, প্রস্তাবিত বাজেটে ডিলার্স কমিশন (যা অবচয়ের সঙ্গে সম্পৃক্ত), অ্যাডভ্যান্স ট্রেড ভ্যাট এবং সম্পূরক শুল্ক (চার ধাপে) বাড়ানো হয়েছে। নতুন করে আরোপ করা হয়েছে রেগুলেটরি করও।
এদিকে অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পর পর গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) নেতারা ঢাকায় তাৎক্ষণিকভাবে বৈঠক করেন।
বৈঠক শেষে বারভিডার সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী বাবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাড়ির ওপর ব্যাপকভাবে করারোপ করা হয়েছে। এমন কোন ধাপ নেই যেখানে কর বৃদ্ধি ও নতুন করারোপ করা হয়নি।"
তিনি বলেন, "আমরা ধারণা করেছিলাম গাড়ির ওপর শুল্ক বাড়বে। কিন্তু এখন যা করা হয়েছে তা অপ্রত্যাশিত ও নজিরবিহীন। গত ত্রিশ বছরে রিকন্ডিশন্ড গাড়ির ওপর এত বেশি করারোপের কোনো নজির নেই।"
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, তারা বিষয়টি নিয়ে শিগগির সরকারের সঙ্গে আলোচনা করবেন। অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করে গাড়ির ওপর 'অস্বাভাবিক' এ কর আরোপের বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানানো হবে।
"যে হারে করারোপ করা হয়েছে তাতে বারভিডা প্রচণ্ড হতাশ ও হতবাক। কেননা প্রস্তাবিত করারোপের কারণে শুধুমাত্র ১৫০০ সিসির রিকন্ডিশন্ড 'টয়োটা করোলা' গাড়িতে সাড়ে তিন লাখ টাকা কর বাড়বে। এছাড়া, সাধারণ মাইক্রোবাস ও পিকআপ ভ্যানে কর বাড়বে দুই লাখ পর্যন্ত", বলেন মাহবুবুল হক।
দেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে রিকন্ডিশন্ড গাড়ির অবদান ও ভূমিকা সর্বজনস্বীকৃত মন্তব্য করে তিনি বলেন, "তাই সরকার রিকন্ডিশন্ড গাড়িতে করারোপের ব্যাপারে বাস্তবসম্মত সিদ্ধান্ত না নিলে শুধু গাড়ি ব্যবসাই বন্ধ হবে না, দেশের উন্নয়ন কর্মকাণ্ডও স্থবির হয়ে পড়বে।"
এবারের বাজেটে শুল্ক এবং গাড়ির ওপর অবচয় সুবিধা আগের মতোই রয়েছে। গতবারের মতো সুনির্দিষ্ট ৩০ শতাংশ অবচয় নির্ধারণ করা হয়েছে।
আগে ডিলার্স কমিশন উৎপাদনকারী দেশের ইয়োলো বুকের মূল্য থেকে ২০ শতাংশ বাদ দিয়ে মূল্য ধার্য ও করারোপ করা হতো। এবারে সেটি ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ডিলার্স কমিশন ২০ শতাংশ থেকে ১০ শতাংশ নির্ধারণ করায় গাড়ির মূল্য একধাপ বাড়বে। এছাড়া এবারের বাজেটে গাড়ি আমদানি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ৫ শতাংশ রেগুলেটরি কর নতুন করে আরোপ করা হয়েছে।
এছাড়া রিকন্ডিশন্ড গাড়ির সম্পূরক শুল্ক ১০০০ সিসিতে ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ, ১০০০ থেকে ১৫০০ সিসিতে ২০ শতাংশ থেকে ৪৫ শতাংশ, ১৫০০ থেকে ২০০০ সিসিতে ৬০ থেকে ১০০ শতাংশ, ২০০০ থেকে ২৭৫০ সিসিতে ১০০ শতাংশ থেকে ২৫০ শতাংশ এবং ২৭৫০ থেকে এর বেশি সিসি গাড়ির ক্ষেত্রে ৩৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
নতুন কর বিশ্লেষণ করে বারভিডার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০০০ সিসির টয়োটা প্লাস মডেলের গাড়ির কর তিন লাখ ৩০ হাজার থেকে পাঁচ লাখ ২ হাজার টাকা, ১৫০০ সিসির প্রভোক্সের কর তিন লাখ ৬০ হাজার থেকে ছয় লাখ ৭১ হাজার টাকা, টয়োটা প্রিমিও/এলিয়নের ক্ষেত্রে চার লাখ ৭৫ হাজার টাকা থেকে আট লাখ ৯৪ হাজার টাকা, ২৭০০ সিসির উর্দ্ধে টয়োটা প্রাডো জিপ ২১ লাখ ৫৮ হাজার টাকা থেকে ৫৭ লাখ ১৯ হাজার টাকা এবং পাজেরো জিপের কর ২৯ লাখ ২১ হাজার টাকা থেকে ৭৬ লাখ ১২ হাজার টাকা করা হয়েছে।
শরীফ বলেন, "অস্বাভাবিক এ করারোপের ফলে গাড়ি মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে। ছোট ছোট বিনিয়োগকারীরা সমস্যায় পড়বেন এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়াসহ সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।"
নতুন এ করারোপকে 'ভয়ানক' আখ্যা দিয়ে ঢাকা ভিত্তিক নিপ্পন অটোমোবাইলের সত্ত্বাধিকারী আব্দুল মান্নান খসরু বলেন, "বহুমুখী করারোপের ফলে সব ধরনের গাড়ির দাম অস্বাভাবিক বৃদ্ধি পাবে। মানুষ আর গাড়ি কেনার মতো দুঃসাহস দেখাবে না।"
অদূর ভবিষ্যতে নতুন করে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি আর নাও হতে পারে বলে উল্লেখ করে তিনি দাবি করেন গাড়ি সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়বে।
এতে বহুলোকের বেকার হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন আব্দুল মান্নান খসরু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এএল/টিআর/এসকে/২৩৩৬ঘ.
bdnews24