ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯-১০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪ হাজার ৩১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ অঙ্ক সংশ্লিষ্ট খাতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দের ৪৮ শতাংশ বেশি।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী এ বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।
দেশের উন্নয়ন কার্যক্রম বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার কারণে বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন এ জন্য সরকার রূপপুরে এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরো বলেন, "দেশের মোট জনসংখ্যার মাত্র ৪৫ শতাংশ বিদ্যুৎ সুবিধার আওতায় রয়েছে। বর্তমানে আমাদের মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ১৭২ কিলোওয়াট ঘণ্টা। অথচ শ্রীলংকায় এটি ৩২৫, পাকিস্তানে ৪০৮ এবং ভারতে ৬৬৫ কিলোওয়াট ঘণ্টা।"
বর্তমানে গড় বিদ্যুৎ চাহিদা পাঁচ হাজার মেগাওয়াট জানিয়ে মুহিত বলেন, বিদ্যুমান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো থেকে প্রায় তিন হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
মন্ত্রী বলেন, "২০০৯ সালে সরকারি খাতে ৪টি প্রকল্পে ৫০০ মেগাওয়াট এবং বেসরকারি খাতে ১১টি প্রকল্পে ৪৪০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হবে।"
আবুল মুহিত আরো বলেন, "পরিকল্পনা অনুযায়ী এগুতে পারলে সরকারি খাতে ১৩টি প্রকল্পে ২০১৩ সালের মধ্যে আরো ২৮১০ মেগাওয়াট এবং বেসরকারি খাতে ৩টি প্রকল্পে ১ হাজার ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।"
বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব উৎপাদনে সরকার প্রকল্প নিয়েছে জানিয়ে তিনি বলেন, "ওই প্রকল্প বাস্তবায়নে ১০৫ কোটি টাকা ব্যয় হবে। এটি বাস্তবায়ন হলে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে।"
এছাড়া বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ সমস্যা থেকে উত্তরণে ৮৩৭ কিলোমিটার নতুন সঞ্চালন লাইন, ১৭টি উপকেন্দ্র এবং ১৫ হাজার কিলোমিটারের বেশি বিদ্যুৎ বিতরণ লাইন স্থাপনের কথাও জানান অর্থমন্ত্রী।
গ্যাসের মজুদ কমে আসার কথা জানিয়ে তিনি বলেন, "বর্তমানে গ্যাসের প্রমাণিত মজুদ ৭ দশমিক ৩ ট্রিলিয়ন ঘনফুট এবং সম্ভাব্য মজুদ সাড়ে ৫ ট্রিলিয়ন ঘনফুট।"
গ্যাসের মজুদ বৃদ্ধির জন্য অনশোর ও অফশোর অনুসন্ধান কার্যক্রম শুরু করার বিষয়ে জোর দেন আবুল মুহিত।
এছাড়া তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স-এর সক্ষমতা বৃদ্ধির জন্য গ্যাস উন্নয়ন তহবিল গঠন করার কথা সরকার বিবেচনা করছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসকে/২২২১ঘ.
bdnews24