২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্য সংযোজন করের আওতা বাড়ছে

মূল্য সংযোজন করের আওতা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট বক্তৃতায় তিনি বলেন, "মূল্য সংযোজন কর খাতে উত্তরোত্তর রাজস্ব আয় বৃদ্ধির জন্য এর আওতা বাড়ানো অপরিহার্য। এ ছাড়া অধিকতর সমতা সম্পন্ন একটি আদর্শ মুল্য সংযোজন কর ব্যবস্থা গড়ে তোলার জন্য বিদ্যমান অব্যাহতি যথাসম্ভব কমিয়ে আনা আবশ্যক।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 04:26 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মূল্য সংযোজন করের আওতা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট বক্তৃতায় তিনি বলেন, "মূল্য সংযোজন কর খাতে উত্তরোত্তর রাজস্ব আয় বৃদ্ধির জন্য এর আওতা বাড়ানো অপরিহার্য। এ ছাড়া অধিকতর সমতা সম্পন্ন একটি আদর্শ মুল্য সংযোজন কর ব্যবস্থা গড়ে তোলার জন্য বিদ্যমান অব্যাহতি যথাসম্ভব কমিয়ে আনা আবশ্যক।" নির্দিষ্ট মেয়াদের জন্য বাণিজ্যিকভাবে ব্যাবহার্য কোনো স্থাপনা, স্থান, যন্ত্রপাতির ভাড়া দেওয়াকে মূল্য সংযোজন করের আওতায় আনারও প্রস্তাব করেন তিনি। ট্রাভেল এজেন্সি, জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান, অ্যালুমিনিয়াম ও এনামেলের তৈরি কিচেন বা অন্যান্য গৃহস্থালী তৈজসপত্র, স্যানিটারি ওয়্যার ও যন্ত্রাংশ এবং প্লাস্টিকের তৈরি আসবাবপত্রের ক্ষেত্রে মূল্য সংযোজন কর অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এসব খাতকেও করের আওতায় আনার প্রস্তাব করেন তিনি। সিগারেটের মূলস্তর ও বিড়ির স্থানীয় উৎপাদন পর্যায়ে ট্যারিফ আরোপের প্রস্তাবসহ জর্দ্দা ও গুলের ওপরও ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এছাড়া কোমল পানীয়, উজ্জ্বল ও অনুজ্জ্বল সিরামিক, টাইলস ও মোজাইক, সিরামিকের বাথটাব ও জ্যাকুজি, সিল্ক, বেসিন, কমোড, বাথরুমের অন্যান্য ফিটিংসের স্থানীয় উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক বাড়ানোসহ গ্লাস শিটের উৎপাদন পর্যায়ে ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। মূল্য সংযোজন কর ব্যবস্থায় বিভিন্ন শ্রেণীর করদাতাদের মধ্যে আরও সমতা আনার জন্য লজেন্স, এনার্জি ড্রিঙ্কস, জুস, চানাচুর, কসমেটিকস, কেশ পরিচর্যার সামগ্রী, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানী ও ভেষজ ওষুধসহ সব ধরনের ওষুধ ও বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে টার্নওভার করের সুবিধা প্রত্যাহার করে এগুলোকে মূল্য সংযোজন করের আওতায় আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। মূসক আরোপের জন্য দেশে উৎপাদিত হোয়াইট পেপারের বিদ্যমান ট্যারিফ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরের জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় রাজস্ব আহরণের মূল লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫০০ কোটি টাকা। পরে সংশোধন করে ৫৩ হাজার কোটি টাকা করা হয়। আগামী অর্থ বছরের জন্য এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬১ হাজার কোটি টাকা। তবে বেশ কয়েকটি খাতে মূসক প্রত্যাহার ও কমানোর প্রস্তাব করা হয়েছে। দেশের ডেইরি শিল্পের স্বার্থে তরল দুধ থেকে গুড়োদুধ উৎপাদন পর্যায়ে বর্তমানের ২ দশমিক ৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে দেশে উৎপাদিত প্রতি কেজি গুড়ো দুধ উৎপাদনে ১৫ টাকা মূসক প্রদানের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে দেশে প্রতিকেজি গুড়োদুধ উৎপাদনে ৫০ টাকা মূসক দিতে হয়। পূর্ণাঙ্গ উৎপাদনমুখী শিল্পকে কর প্রণোদনা দেওয়ার লক্ষ্যে রেফ্রিজারেটর ও মোটর সাইকেলের পূর্ণাঙ্গ উৎপাদককে আগামী এক বছরের জন্য মূসক অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। স্থানীয় শিল্পের স্বার্থে হার্ডবোর্ড উৎপাদনের ওপর থেকেও মূসক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন, প্রস্তুত/সংযোজিত পূর্ণাঙ্গ জেনারেটর এবং বিকল্প জ্বালানি ব্যবহারে প্রণোদনা দেওয়ার জন্য সৌর প্যানেলের আমদানি এবং স্থানীয় উৎপাদন ও সরবরাহ পর্যায়ে মূসক অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএমএ/টিআর/২২৩৩ ঘ.