ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রস্তাবিত বাজেটে বিলাসবহুল পণ্য হিসেবে মোটরগাড়ির ওপর সম্পূরক শুল্কহার বৃদ্ধি এবং শুল্ককাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে। এর ফলে ব্যক্তিগত গাড়ির দাম বাড়বে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, রাজস্ব আদায় বাড়ানো এবং বিলাসবহুল যানবাহন আমদানি নিরুৎসাহিত করতে তিনি এ প্রস্তাব করেছেন।
এদিকে শুল্ককাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাব করায় মোবাইল ফোন সেটেরও দাম বাড়বে।
ব্যক্তিগত গাড়ির দাম বাড়লেও জ্বালানি সাশ্রয়ী যান হিসেবে হাইব্রিড কারের ওপর থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
গাড়ির ওপর শুল্ক বাড়ানোর বিষয়টি ছিল একটি বড় বাজেটপূর্ব আলোচিত বিষয়। বিশেষ করে রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসায়ীরা তাদের পণ্যকে বিলাসবহুল হিসেবে গণ্য না করার দাবি করে আসছিলেন।
অর্থমন্ত্রী অনধিক পাঁচ বছরের পুরনো, ব্যবহৃত ও রিকন্ডিশন্ড যেকোনও মেয়াদের আমদানি করা যানবাহনের অবচয়ের হার সর্বসাকুল্যে ৩০ শতাংশ করার প্রস্তাব করেন। ওই যানবাহনের মূল্য থেকে ডিলারস কমিশন হিসাবে ২০ শতাংশ বিয়োজন করার পরিবর্তে ১০ শতাংশ বিয়োজন করা হবে।
এদিকে বর্তমানে যেকোনও ধরনের মোবাইল ফোন সেটের জন্য ৩০০ টাকা হারে সুনির্দিষ্ট শুল্ক দিতে হলেও আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ হার পরিবর্তন করে প্রতিটি মোবাইল ফোন সেটের মূল্যের ওপর ২৫ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
এদিকে গণপরিবহন হিসেবে ট্যাক্সিক্যাবের ওপর আমদানি শুল্ক কমানো এবং জাহাজের ওপর আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এছাড়া টেকসই এবং মানসম্পন্ন ট্যাক্সিক্যাব আমদানী নিশ্চিত করার লক্ষ্যে নূন্যতম দেড়হাজার সিসি ইঞ্জিনের গাড়ি এবং একসঙ্গে ন্যূনতম ১০টি ট্যাক্সিক্যাব আমদানি করার শর্ত দেওয়া হয়েছে।
ট্যাক্সিক্যাব আমদানির ওপর ২০ শতাংশ আমদানি শুল্ক, অতিরিক্ত আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক এবং রেগুলেটরি ডিউটি মওকুফ করারও প্রস্তাব করা হয়েছে।
এছাড়া ৩ হাজার টন বা তার বেশি ধারণক্ষমতার সমুদ্রগামী জাহাজ আমদানির ওপর বর্তমানে ৭ শতাংশ আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএমএ/এসকে/১৮৫৫ঘ.
bdnews24