ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯-১০ অর্থবছরের বাজেটে শিক্ষা ও প্রযুক্তির সঙ্গে স্বাস্থ্য খাত মিলিয়ে মোট ২১ হাজার ৩৬৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা মোট বরাদ্দের প্রায় ১৯ শতাংশ।
এই বরাদ্দ চলতি ২০০৮-০৯ অর্থবছরের সংশোধিত বরাদ্দের চেয়ে ১৪ শতাংশ বেশি।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী ২০০৯-১০ অর্থবছরের জন্য মোট ১ লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন।
গতবার কেবল শিক্ষা ও প্রযুক্তি খাতে ১২ হাজার ২৫৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয় যা বাজেটে মোট বরাদ্দের ১২ শতাংশের বেশি ছিল।
অর্থমন্ত্রী জানান, শিক্ষা ক্ষেত্রে নতুন পদক্ষেপগুলোর মধ্যে প্রধান হচ্ছে, পর্যায়ক্রমে স্নাতক পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করা, ছাত্রী উপবৃত্তি অব্যাহত রাখা, ছাত্র উপবৃত্তি চালু রাখা, সেশনজট কমানো, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন এবং বিজ্ঞান চর্চা ও গবেষণা কর্মের সুযোগ সৃষ্টি।
কমিউনিটি শিক্ষকদের বেতন
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী যোগ্যতার ভিত্তিতে রেজিস্টার্ড ও কমিউনিটি শিক্ষকদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শুরুর বেতনের সমান অনুদান দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।
এছাড়া প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর মধ্যে আগামীতে নতুন পাঠ্যপুস্তক বিতরণ এবং বিদ্যালয় বিহীন এলাকায় এক হাজার ৫০০টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার কথাও জানান আবুল মুহিত।
অন্যদিকে, মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বই বিতরণের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ২০০৯-১০ অর্থবছরের বাজেটে।
নতুন এমপিও বাবদ ১১২কোটি টাকা বরাদ্দ
প্রস্তাবিত বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও বাবদ তিন হাজার ৯০৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এ বরাদ্দ শিক্ষা মন্ত্রণালয়ের মোট রাজস্ব বাজেটের ৬২ শতাংশ।
অর্থমন্ত্রী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন এমপিও বাবদ ১১২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন।
প্রতি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান
পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার।
প্রাইভেট-পাবলিক অংশীদারিত্বের ভিত্তিতে এগুলো প্রতিষ্ঠার সুযোগ পরীক্ষা করে দেখা হবে বলে বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী।
বরিশাল, রাঙামাটি ও গোপালগঞ্জে একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
'ডিজিটাল বাংলাদেশ' প্রতিষ্ঠায় উদ্যোগ
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী 'ডিজিটাল বাংলাদেশ' গড়তে ২০১৩ সালের মধ্যে মাধ্যমিক স্তর এবং ২০২১ সালের মধ্যে প্রাথমিক স্তরে কম্পিউটার ও কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।
মুহিত বলেন, "ফাইলভিত্তিক প্রশাসনিক কার্যক্রমকে ই-গভর্নমেন্ট বা ডিজিটাল সরকার ব্যবস্থায় রূপান্তর করা হবে। এ লক্ষ্যে জাতীয় আইসিটি রোডম্যাপ প্রণীত হচ্ছে।"
অর্থমন্ত্রী আইটি খাতে জরুরি কর্মসূচি অর্থায়নে ১০০ কোটি টাকা বরাদ্দ এবং আইটি খাতে উদ্যোক্তা তৈরিতে বিদ্যমান সম মূলধন তহবিলের পরিমাণ ১০০ থেকে ২০০ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব করেছেন।
স্বাস্থ্যখাতে সরকারের পরিকল্পনা
সরকার ছয় হাজার গ্রামীণ মানুষের জন্য একটি হিসেবে মোট ১৩ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিক স্থাপনের পদক্ষেপ গ্রহণ করেছে বলে বক্তৃতায় জানান অর্থমন্ত্রী।
জনসংখ্যাকে দেশের ভয়াবহ সমস্যা উল্লেখ করে অর্থমন্ত্রী জনসংখ্যা নিয়ন্ত্রণে ২০২১ সালে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যবহার ৮০ শতাংশে উন্নীত করা এবং উপকরণ ক্রয়ের সুনির্দিষ্ট কর্মসূচির জন্য ৪৯৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন।
আগামী বছর পাঁচটি নতুন মেডিকেল কলেজ ও ছয়টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি প্রতিষ্ঠার কথাও জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বিডিনিউজজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২০৩৬ঘ.
bdnews24