২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারবাজারে তেজিভাব অব্যাহত

বাজেটকে সামনে রেখে শেয়ারবাজারে তেজিভাব অব্যাহত রয়েছে। দুই বাজারেই লেনদেনের পরিমাণ, বেশির ভাগ শেয়ারের মূল্য ও বাজার সূচক বাড়ছে। চলছে লেনদেনের রেকর্ডের ভাঙা গড়া। রোববার সপ্তাহের প্রথম দিনে ৭শ' ৮১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কেনা-বেচার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক লেনদেনের নতুন রেকর্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 05:51 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেটকে সামনে রেখে শেয়ারবাজারে তেজিভাব অব্যাহত রয়েছে। দুই বাজারেই লেনদেনের পরিমাণ, বেশির ভাগ শেয়ারের মূল্য ও বাজার সূচক বাড়ছে। চলছে লেনদেনের রেকর্ডের ভাঙা গড়া। রোববার সপ্তাহের প্রথম দিনে ৭শ' ৮১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার কেনা-বেচার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক লেনদেনের নতুন রেকর্ড হয়েছে। আর আগের রেকর্ডটিও হয়েছিল মাত্র ১ কর্মদিবস আগে, গত বৃহস্পতিবার। ওই দিন ডিএসইতে ৬শ'৭২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দুই বাজার মিলে লেনদেনের পরিমাণ ৮শ'৬৪ কোটি টাকা যা এযাবতকালের সর্বোচ্চ। লেনদেনের পাশাপাশি রোববার সূচকও অনেক বেড়েছে। এদিন ডিএসইর সাধারণ সূচক ১০৬ দশমিক ৯৮ পয়েন্ট এবং ডিএসই-২০ সূচক ১২৩ দশমিক ২৩ পয়েন্ট বেড়েছে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী অর্থ বছরের বাজেট নিয়ে বিনিয়োগকারীদের ভেতর যে আশাবাদ তৈরি হয়েছে লেনদেনে তারই প্রভাব পড়েছে। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান এবং জ্বালানি- বিদ্যুৎ খাতের শেয়ারের মূল্য বৃদ্ধিতে রোববার লেনদেন শুরুর ৫ মিনিটের মধ্যে ডিএসইর সাধারণ সূচক প্রায় ৫৫ পয়েন্ট এবং ২০ মিনিটের মধ্যে প্রায় ৮০ পয়েন্ট বেড়ে যায়। দিনের শেষ ভাগ পর্যন্ত এ ধারা বজায় থাকে। রোববার ডিএসইতে ২৪২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়, যার মধ্যে ১৪৭ শেয়ারের মূল্য বাড়ে, কমে ৯০ টির মূল্য। মূল্য বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল ৮ ব্যাংক এবং ২ টি বীমা কোম্পানি। এদিন সিএসইতে ১৫৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়, যার মধ্যে ৯৭ টির মূল্য বাড়ে, কমে ৫৮ টির। সিএসইর সার্বিক সূচক বাড়ে ৩৬৭ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক বাড়ে ৫৩৯ পয়েন্ট। বাজার পরিস্থিতি সম্পর্কে পূঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার রোববার সাংবাদিকদের বলেন, "এবারের বাজেট নিয়ে বিনিয়োগকারীরা অনেক আশাবাদী। বাজেট যত কাছে আসছে বাজারে এই আশাবাদের তত বেশি প্রতিফলন ঘটছে।" এই পরিস্থিতিতে বাজারে শেয়ার সরবরাহ বাড়ানো জরুরি হয়ে পড়েছে বলে মনে করেন তিনি। ডিএসই'র সভাপতি রকিবুর রহমান রোববার লেনদেন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছু দিন ধরেই বিনিয়োগকারীরা মৌলভিত্তিক বিভিন্ন শেয়ারে ভালভাবে অবস্থান নিতে শুরু করেছেন। তারা এই সরকারকে বিনিয়োগ ও পূঁজিবাজারবান্ধব মনে করছেন। বাজেটেও বাজারের জন্য ভাল কিছু থাকবে বলে আশা করছেন। এটিই বাজারকে এমন গতিশীল করে তুলেছে।" ক্ষুদ্র বিনিয়োগকারীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, কোন শেয়ারে যৌক্তিক মুনাফা হয়ে থাকলে তারা যেন শেয়ার বিক্রির মাধ্যমে এ মুনাফা তুলে নেন। কারণ সর্বোচ্চ মুনাফার জন্য অপেক্ষা করা একদিকে সংশ্লিষ্ট বিনিয়োগকারীর জন্য ঝুঁকিপূর্ণ, অন্যদিকে সবাই এভাবে শেয়ার ধরে রাখলে চাহিদা-সরবরাহের ব্যবধান বেড়ে গিয়ে বাজারে ভারসাম্য নষ্ট হবার আশঙ্কা থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২৩৫৬ঘ.