আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -বিশ্ব অর্থনীতির চলমান মন্দার প্রভাব বেশি হলে প্রধান খাত তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের কাজ হারানোর আশঙ্কা করছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে (জানুয়ারি-মার্চ'০৯) এ আশঙ্কার কথা বলা হয়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে সামনের দিনগুলোতে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে পাঁচটি চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়েছে। তারমধ্যে পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের চাকরি হারানোর বিষয়টি অন্যতম।
তৈরি পোশাক শিল্প মালিকদের দুটি সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) তথ্য অনুযায়ী বর্তমানে দেশে ২৫ লাখের বেশি শ্রমিক পোশাক কারখানায় কাজ করছে। এদের ৯০ শতাংশের মতোই মহিলা শ্রমিক।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বমন্দার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে এখনও তেমন পড়েনি। তবে মন্দা বেশিদিন স্থায়ী হলে অর্থনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে।
আর এ চ্যালেঞ্জগুলো হচ্ছে- বিশ্বমন্দার কারণে রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়লে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাবে। সে পরিস্থিতিতে পর্যাপ্ত বৈদেশিক সাহায্য যোগাড় করা না গেলে সমস্যা হবে।
রপ্তানি খাতে মন্দার বেশি নেতিবাচক প্রভাব পড়লে বিশেষ করে তৈরি পোশাক খাতসহ রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের চাকরি হারাতে হতে পারে।
বিশ্বমন্দার কারণে টাকার মান কমে যেতে পারে। এর ফলে মানুষের প্রকৃত আয় ও ক্রয় ক্ষমতা কমে যেতে পারে।
মন্দা আক্রান্ত দেশে রপ্তানি আয় হ্রাস এবং রেমিট্যান্স , বিনিয়োগ ও বৈদেশিক সহায়তা কমে এলে সরকারের চলতি হিসাবে ঘাটতি দেখা দিতে পারে।
রাজস্ব আদায় হ্রাসের আশঙ্কা ছাড়াও সরকারের বড়সড় প্রণোদনা প্যাকেজ ঘোষণা, অন্যান্য ভর্তুকি অব্যাহত রাখায় আর্থিক ঘাটতি প্রত্যাশার চেয়ে বেড়ে যেতে পারে।
প্রতিবেদনে তৈরি পোশাক খাতের বিপদ কাটিয়ে উঠতে কাস্টম, বন্দর, অবকাঠামোর পরিস্থিতি উন্নত করার পাশাপাশি দামের প্রতিযোগিতামূলক সুবিধার ব্যাপারে সতর্ক থাকা, নতুন বাজার খোঁজা ও পণ্য বহুমুখী করা ও মূল্য সংযোজন বাড়ানোর তাগিদ দেওয়া হযেছে।
এছাড়া সার্বিক অর্থনীতির উৎপাদনশীলতা বাড়ানো ও গুরুত্বপূর্ণ সূচকগুলো ভালোভাবে নজরদারি করা ও জ্বালানি, পরিবহন এবং কৃষি উপকরণ বিতরণ সঙ্কটসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও নজর দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24