ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কয়েকটি সেতু , ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ,সেচ সুবিধার জন্য রাবার ড্যাম নির্মাণ এবং স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পসহ ছয়টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
প্রকল্পগুলোয় মোট ব্যয় হবে ৯৬৯ কোটি টাকা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এগুলো অনুমোদন করা হয়।
বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান
দেশে খাদ্য উৎপাদন বাড়াতে সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে ১১ জেলায় ছোট ও মাঝারি নদীতে 'রাবার ড্যাম' নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ১৬৭ কোটি ৫৮ লাখ টাকা।
'ক্ষুদ্র ও মাঝারি নদীতে রাবার ড্যাম নির্মাণ' নামের প্রকল্পটি বাস্তবায়ন করবে কৃষি মন্ত্রণালয়। এর কাজ ২০১৩ সালের জুনে শেষ হবে ।
অনুমোদিত অন্য পাঁচটি প্রকল্প হচ্ছে, স্থানীয় সরকার বিভাগের অধীন ৬৭ কোটি ২ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে সিডরে ক্ষতিগ্রস্ত এলাকায় বহুমূখী ঘূর্র্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, ৬শ'২০ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় আরবান প্রাইমারী হেল্থ কেয়ার (সংশোধিত) প্রকল্প, ৫৮ কোটি ২৮ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে সড়ক ও রেলপথ বিভাগের অধীন শিবসা নদীর ওপর শিবসা সেতু এবং কয়রা নদীর সেতু নির্মাণ, ২৫ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে শৈলমারী নদীর ওপর বটিয়াঘাটা সেতু নির্মাণ (৩য় সংশোধিত) প্রকল্প এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ২৯ কোটি ৫৫ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে তাবানী বেভারেজের প্ল্যান্টের ক্ষমতা বৃদ্ধি প্রকল্প।
প্রথামতো রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১৪৩ঘ.
bdnews24