ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কৃষি প্রক্রিয়াজাতকরণ ও তথ্য প্রযুক্তিভিত্তিক উৎপাদনশীল খাতে সরকারের মুলধন ও উদ্যোক্তা তহবিল (ইইএফ) থেকে বাংলাদেশ ব্যাংকের দেওয়া সুদবিহীন ঋণ বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কে।
আইসিবিকে সোমবার আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব দেয় কেন্দ্রীয় ব্যাংক।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা বলেন, "নিয়ম অনুযায়ী এ ঋণ বিতরণের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নয়। এটি সরকারের তহবিল। বাংলাদেশ ব্যাংক এতদিন এ তহবিল থেকে ঋণ বিতরণে সহায়তা করেছে।"
আইসিবি ভালোভাবেই ঋণ বিতরণ করতে পারবে এবং বাংলাদেশ ব্যাংক তাদের কাজ তদারক করবে বলে তিনি জানান।
দেশের ঝুঁকিপূর্ণ, অথচ সম্ভাবনাময় কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও তথ্যপ্রযুক্তিখাতে বিনিয়োগকারীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য ২০০০ সালে ইইএফ গঠন করা হয়।
৫৬৫ কোটি টাকার তহবিল থেকে এ পর্যন্ত ২৫১টি প্রকল্পে ৫০৮ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২১৭টি কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং ৩৪টি তথ্যপ্রযুক্তি প্রকল্প।
ইইএফের অর্থায়নে ময়মনসিংহের ভালুকায় কুমির প্রকল্প, পাবনার সাঁথিয়ায় গরু মোটা-তাজাকরণসহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
উদ্যোক্তা ৫১ শতাংশ বিনিয়োগ করলে ইইএফ থেকে ৪৯ শতাংশ আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রথমে ন্যুনতম ৫০ লাখ টাকার প্রকল্প নির্ধারণ করা হলেও পরে সর্বনিম্ন ২০ লাখ টাকার প্রকল্পেও এ তহবিল থেকে ঋণ দেওয়া হয়। এ অর্থ সর্বোচ্চ ৮ বছরের মধ্যে পরিশোধ করতে হয়।
মূলধন ও উদ্যোক্তা তহবিল থেকে সুদবিহীন ঋণ নিলে অন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া যায় না। একারণে শুরু করার পর প্রকল্প ব্যয় বেড়ে গেলে অনেকেই সমস্যায় পড়েন বলে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট এক উদ্যোক্তা জানিয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে নজরুল হুদা বলেন, "এ ব্যাপারে এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি। যারা সফলভাবে প্রকল্প এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের জন্য ঋণ বরাদ্দের অংক বাড়িয়ে দেওয়া অথবা অন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার অনুমতি দেওয়া হবে।"
অনুষ্ঠান শেষে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, তহবিলের মেয়াদ রয়েছে আরো দশ বছর। এর কর্মপরিধি আরো বাড়ানোর ব্যাপারে আইসিবি কাজ করবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিআর/এসকে/১৯২৩ ঘ.
bdnews24