২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে শেষ মুহূর্তের 'ঘষামাজা' দেশের বাইরে বসেই করবেন অর্থমন্ত্রী

আগামী ২০০৯-১০ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের শেষ মুহূর্তের কাজ দেশের বাইরে থেকে করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার সকাল সাড়ে ১০ টায় তিনি ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৩৪ তম বার্ষিক সভায় যোগ দিতে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ফিরবেন ৪ জুন (বৃহস্পতিবার) সকালে। বিস্তারিত জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 11:07 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামী ২০০৯-১০ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের শেষ মুহূর্তের কাজ দেশের বাইরে থেকে করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার সকাল সাড়ে ১০ টায় তিনি ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৩৪ তম বার্ষিক সভায় যোগ দিতে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ফিরবেন ৪ জুন (বৃহস্পতিবার) সকালে। বিস্তারিত জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি এ কয়দিন দেশের বাইরে অবস্থান করায় আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রথম বাজেটের শেষ মুহূর্তের কাজ তুর্কমেনিস্তানে বসে করবেন বলে রোববার সচিবালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মুহিত। অর্থমন্ত্রী বলেন, "তিন দিন আমি দেশের বাইরে থাকবো। আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী আইডিবি'র বার্ষিক সভায় যোগ দিতে আমাকে যেতেই হচ্ছে। ওখানে (তুর্কমেনিস্তান) বসেই আমি বাজেটের শেষ মুহূর্তের কাজ করবো। "বাজেট প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। দেশের বাইরে বসে তিন দিন বাজেটের শেষ মুহূর্তের 'ঘষামাজা'র কাজ করবো।" আগামী ৪ জুন বাজেট অধিবেশন শুরু হবে। আর সংসদে অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন ১১ জুন। এদিকে বাজেটের একটি রূপরেখা ইতোমধ্যেই অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছেন। বিভিন্ন প্রাক-বাজেট আলোচনায় তিনি পরিস্কার করে বলেছেন, এবার বড় বাজেট হবে। বিশ্বমন্দা মোকাবেলা, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং সপ্তম বেতন কমিশনের সুপারিশের আলোকে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা বাড়ানোর কারণে এবারের বাজেট অবশ্যই বড় হবে। নতুন বাজেটের আকার সম্পর্কেও একটি ধারণা দিয়েছেন মুহিত। তিনি বলেছেন, এবারের বাজেট এক লাখ ১০ হাজার কোটি টাকা থেকে এক লাখ ১৫ হাজার কোটি টাকার মধ্যে থাকবে। এর মধ্যে রাজস্ব ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হবে ৮০ হাজার কোটি টাকার মতো। আর ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ৩০ হাজার ৫০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করা হয়েছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নেওয়া চলতি ২০০৮-০৯ অর্থবছরের মূল এডিপি'র আকার ছিল ২৫ হাজার ৬০০ কোটি টাকা। বাস্তবায়ন সন্তোষজনক না হওয়ায় এনইসি'র বৈঠকে তা কাঁটছাট করে ২৩ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। অর্থ্যাৎ, নতুন এডিপি'র আকার হবে চলতি অর্থবছরের মূল এডিপি'র চেয়ে ৪ হাজার ৯০০ কোটি টাকা এবং সংশোধিত এডিপি'র চেয়ে ৭ হাজার ৫০০ কোটি টাকা বেশি। অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, নতুন বাজেটে সবমিলিয়ে (এনবিআর ও এনবিআর বহির্ভূত খাত) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হবে ৮০ হাজার কোটি টাকার কিছু বেশি। চলতি ২০০৮-০৯ অর্থবছরের মূল বাজেটের আকার হলো ৯৯ হাজার ৯৬২ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/১৮১০ ঘ.