২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দার মধ্যেও সাড়ে নয়শ'কোটি ডলার রেমিটেন্স আসবে: গভর্নর

বিশ্বমন্দার মধ্যেও চলতি বছর ৯ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার (৯৫০ কোটি ডলার) রেমিটেন্স দেশে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো এই অর্থ লেনদেনের ভারসাম্য রক্ষাসহ বিশ্বমন্দা মোকাবেলায় বাংলাদেশকে বেশ সহায়তা করবে। বিশ্বমন্দার প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) দেশে বিনিয়োগ করারও আহ্বান জানিয়েছেন গভর্নর। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2009, 12:34 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বমন্দার মধ্যেও চলতি বছর ৯ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার (৯৫০ কোটি ডলার) রেমিটেন্স দেশে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো এই অর্থ লেনদেনের ভারসাম্য রক্ষাসহ বিশ্বমন্দা মোকাবেলায় বাংলাদেশকে বেশ সহায়তা করবে। বিশ্বমন্দার প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) দেশে বিনিয়োগ করারও আহ্বান জানিয়েছেন গভর্নর। শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্বমন্দার উপর আয়োজিত এক সংলাপে তিনি এ সব কথা বলেন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসি-বি) এ সংলাপের আয়োজন করে। আতিউর রহমান বলেন, "বিশ্বমন্দার প্রভাব বাংলাদেশের উপর এখনও তেমন পড়েনি। উন্নত দেশের ব্যাংক ও আর্থিক খাত বিশ্বমন্দার প্রভাবে তছনছ হয়ে হয়ে গেলেও বাংলাদেশে এর কোনো ধরনের ছোঁয়া লাগেনি। আমাদের ব্যাংক ও আর্থিক খাত এখনও মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। "অন্যদিকে রপ্তানি আয় ও রেমিটেন্সের উপরও এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। গত বছর (২০০৮ সাল) ৯ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে এসেছে। মন্দা সত্ত্বেও চলতি বছর এই রেমিটেন্স ৯ দশমিক ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছি।" তিনি জানান, রেমিটেন্স প্রবাহের এই ইতিবাচক ধারার কারণে বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। গত বৃহস্পতিবার রিজার্ভের পরিমান ছিল ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। মূলত রেমিটেন্স প্রবাহ বাড়ার কারণেই রিজার্ভ বেশ কিছুদিন ধরে ভালো অবস্থানে আছে। লেনদেনের ভারসাম্য রক্ষায় এই রিজার্ভ ইতিবাচক ভূমিকা রাখছে। বিশ্বমন্দা মোকাবেলায়ও রিজার্ভ তথা রেমিটেন্স বিশেষ ভূমিকা রাখবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। বিশ্বমন্দা সত্ত্বেও চলতি ২০০৮-০৯ অর্থবছরে ৬ শতাংশ জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আতিউর বলেন, কেন্দ্রীয় ব্যাংক বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে সরকার বিশ্বমন্দা মোকাবেরায় একটি 'প্রণোদনা প্যাকেজ' ঘোষণা করেছে। ওই প্যাকেজের আওতায় বাংলাদেশ ব্যাংক ভোক্তা ও ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণের সুদের হার সর্বোচ্চ ১৩ শতাংশ নির্ধারণ করে দিয়েছে। একইসঙ্গে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আটটি অতিপ্রয়োজনীয় পণ্যের আমদানি অর্থায়নে (এলসি) ঋণের সুদের হার সর্বোচ্চ ১২ শতাংশ নির্ধারণ করে দিয়েছে। এছাড়া বিশ্বমন্দার বিষয়টি বিবেচনায় রেখে ব্যাংকগুলোকে উৎপাদনশীল খাতে ঋণ দিতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে (এসএমই) অগ্রাধিকার দিতে বলা হয়েছে। এ সব পদক্ষেপ মন্দা মোকাবেলায় সাহায্য করবে বলে জানান গভর্নর। এ প্রসঙ্গে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার উদ্বৃতি দিয়ে বলেন, টাকার অভাব বড় অভাব নয়, আসল হচ্ছে ভরসা। ভরসা (আস্থা) নিয়ে কাজ করলে খুব দ্রুত বিশ্বমন্দা মোকাবেলা করা যাবে। প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে গভর্নর বলেন, অনেক প্রবাসীর মোটা অংকের বিনিয়োগ করার সামর্থ রয়েছে। বর্তমান বিশ্ব পেক্ষাপটে তারা অন্য কোনো দেশে বিনিয়োগ না করে বাংলাদেশে বিনিয়োগ করলে তারা যেমন লাভবান হবে, দেশও তেমনি উপকৃত হবে। মন্দা মোকাবেলায় স্থানীয় বাজার সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করে আতিউর বলেন, "বিশ্বমন্দার প্রেক্ষাপটে এখন আমাদের সবচেয়ে কার্যকর কৌশল হচ্ছে- নিজেদের উৎপাদন থেকেই নিজেদের চহিদার যোগান দেওয়া। অর্থাৎ, নিজেদের পণ্য দিয়েই নিজেদের বাজার দখল করতে হবে। তবে এর মানে এই নয় যে রপ্তানিকে কম গুরুত্ব দিতে হবে।" আইসিসি-বাংলাদেশ এর সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সংলাপে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইসিসি ব্যাংকিং কমিশনের সদস্য ভিনসেন্ট ও'বায়েন, বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অধ্যাপক এম এ তসলিম, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সাবেক স্থায়ী প্রতিনিধি তৌফিক আলী, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ এ (রুমী) আলী, সিটি ব্যাংক এনএ-এর ব্যবস্থাপনা পরিচালক মামুন রশীদ, পলিসি রিসার্চ ইন্সটিটিউট অব বাংলাদেশের চেয়ারম্যান জাহেদী সাত্তার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/১৯১৫ ঘ.