২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমই'র উন্নয়নে বেসরকারি খাতকে দায়িত্বশীল হতে হবে: রাষ্ট্রপতি

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সরকারের পাশাপাশি বেসরকারি খাত আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 12:16 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সরকারের পাশাপাশি বেসরকারি খাত আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) মেলার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। সরকার এ খাতের ওপর অগ্রাধিকার দিয়েছে। খাতটিকে বিকশিত করার জন্য সরকার স্বল্প সূদে ঋণ সুবিধাসহ বিভিন্ন সহযোগিতা দিচ্ছে। "আমি মনে করি এ শিল্পের সুষ্ঠু ও সমন্বিত বিকাশে সরকারের পাশাপাশি দেশের বাণিজ্যিক সংগঠনগুলোকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে," বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, মুক্তবাজার অর্থনীতির 'তীব্র প্রতিযোগিতায়' টিকে থাকার জন্য উৎপাদিত পণ্যের উন্নত মান ও কম মূল্যও গুরুত্বপূর্ণ বিষয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার বক্তব্যে কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে তোলার পাশাপাশি সাব-কন্ট্রাক্টিং শিল্পের উন্নয়ন করার আশ্বাস দেন। তিনি বলেন, "আমাদের অর্থনীতিতে শিল্প একটি ছোট খাত। আর এ খাতের বেশিরভাগ অংশ জুড়ে আছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এ খাতের বিকাশ করা আমাদের সবার কর্তব্য।" এ খাতের বিকাশে কৃষি ও গ্রামীণ অর্থনীতির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিৎ বলে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, "ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভিত্তি গ্রাম কেন্দ্রিক। তাই গ্রামে ঋণ, প্রযুক্তি ও পৌর সুযোগ-সুবিধা পৌছে দিতে হবে।" ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে বৃহৎ শিল্পের সম্পর্ক আরো জোরদার করে তুলতে হবে বলে মনে করেন আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, "আর এটা করতে হবে সাব-কন্ট্রাকটিং শিল্পকে শক্তিশালী করার মধ্য দিয়ে। তাহলে বাংলাদেশও একদিন 'সুইজারল্যান্ড'র মতো দেশে রুপান্তরিত হবে। সেখানে সাব-কন্ট্রাক্টিং শিল্প ও গ্রামীণ অর্থনীতি অত্যন্ত শক্তিশালী।" এসএমই মেলার সমাপনী অনুষ্ঠানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অবদানের জন্য পাঁচজনকে 'এফবিসিসিআই-স্টান্ডার্ড চার্টার্ড এসএমই অ্যাওয়ার্ড ২০০৯' দেওয়া হয়। রাষ্ট্রপতি তাদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ক্ষুদ্র ও কুটির শিল্পে সফল উদ্ভাবনী উদ্যোক্তা শৈল্পিক ফ্যাসন অ্যান্ড ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক নাহিদা শারমিন, সেরা নারী উদ্যোক্তা অনন্যা হ্যান্ডিক্রাফ্টসের মালিক জাকিয়া সুলতানা, মাঝারি শিল্পের সেরা উদ্যোক্তা গ্লোরিয়া ইলেকট্রিক্যাল ইন্ডাষ্ট্রিজের মালিক এনায়েত হোসেন চৌধুরী এবং ব্যবস্থাপনা, উৎপাদন পদ্ধতি ও উৎপাদিত পণ্যের মানের ক্ষেত্রে সেরা উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন শামস্ এন্টারপ্রাইজের মালিক মুহাম্মদ আব্দুস সালাম। এছাড়া সেরা এসএমই সহায়তাকারীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের সভাপতি হাবিবুল্লাহ এন করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক এবং স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান মোরাদ। এফবিসিসিআই-এর উদ্যোগে রোববার শুরু হয় চতুর্থ এসএমই মেলা, ২০০৯। চারদিনের এ মেলায় ৯৫টি স্টল ও ১৩টি প্যাভিলিয়ন ছিল। ৮৬টি শিল্পোদ্যোক্তা প্রতিষ্ঠান এতে অংশ নেয়। এর আগে ২০০২, ২০০৫ ও ২০০৬ সালে এসএমই মেলার আয়োজন করেছিল এফবিসিসিআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিআর/১৮৪৫ ঘ.