সিলেট, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনৈতিক মন্দাকে সামনে রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে ২০০৯-১০ অর্থবছরের বাজেট প্রণয়ন করতে হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এ কারণে এবার প্রত্যক্ষ কর বাড়ানো হতে পারে।
এক প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী একথা বলেন।
শনিবার সিলেট নগরীর মেহেন্দীবাগে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড অডিটোরিয়ামে ওই প্রাক বাজেট আলোচনা সভা হয়।
আবুল মাল আব্দুল মুহিত বলেন, "বিশ্বমন্দা পরিস্থিতি মোকাবেলার চিন্তা মাথায় রেখে বাজেট প্রণয়ন করতে হচ্ছে। তাই এবার প্রত্যক্ষ কর বাড়ানো হতে পারে। এর ফলে ৮২টি সামগ্রীর ওপর চাপ বাড়বে।"
মন্ত্রী বলেন, "আমরা বিলাস সামগ্রী থেকে অতিরিক্ত আয় করতে চাই। পরিস্থিতির কারণেই কর বাড়ানো হচ্ছে। তাই সবাইকে তা মেনে নিতে হবে।"
মুহিত বলেন, "গত অর্থবছরে বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছিল ৬৩ হাজার কোটি টাকা। এবার আশা করছি আরও ২০/২৫ হাজার কোটি টাকা বাড়বে।"
আসন্ন বাজেটকে অংশীদারিত্বের বাজেট হিসেবে আখ্যায়িত করে অর্থমন্ত্রী বলেন, "আমরা কৃষি ও গ্রামীণ অবকাঠামো, জালানি ও বিদ্যুৎ, শিল্পায়ন, তথ্যপ্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছি।"
উপজেলা পরিষদের এক চেয়ারম্যানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "আমরা চেয়েছিলাম স্থানীয় সংসদ সদস্যরা উপজেলা পরিষদের চেয়ারম্যানকে পরামর্শ দেবেন। কিন্তু সংসদে পাস করা হয়েছে 'পরামর্শ শুনতেই হবে'।"
সিলেট জেলা প্রশাসন আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভায় সিলেটের বিভাগীয় কমিশনার জাফর আহমেদ খান, সাংসদ হাফিজ আহমদ মজুমদার, সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড. ফরাস উদ্দিন, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ উদ্দিন আহমদ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হাফছা বেগম এবং জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24