ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও দেশের মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ও একটেলের একীভূত হওয়ার কোনও প্রস্তাব এখন পর্যন্ত পায়নি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
তবে প্রতিষ্ঠান দুটির এক হওয়ার ক্ষেত্রে সংস্থাটির কোনো আপত্তি নেই।
বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এ ধরনের কোনও প্রস্তাব পাইনি। তবে গ্রাহকের অসুবিধা না হলে এতে কোনও বাধা নেই।"
অব্যাহত লোকসানের হাত থেকে বাঁচতে এবং নিজেদের লাভজনক পর্যায়ে নিতে একটেল ও বাংলালিংক একীভূত হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করার চিন্তা-ভাবনা করছে বলে মঙ্গলবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।
এতে বলা হয়, সম্প্রতি জর্ডানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক আলোচনায় এ সম্ভাবনার কথা জানান বাংলালিংকের মূল কোম্পানি মিসরভিত্তিক ওরাসকম টেলিকমের চেয়ারম্যান নাগিব সাইরিস।
তিনি জানান, বাংলাদেশে মালয়েশিয়াভিত্তিক টিএম ইন্টারন্যাশনালের (একটেল) সঙ্গে একীভূত হওয়ার পরিকল্পনা নিয়ে তারা কাজ করছেন।
নাগিব বলেন, "দীর্ঘ মেয়াদে বাংলাদেশের বাজারে টিকে থাকা এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকার পরিকল্পনা থেকেই একত্রিত হওয়ার চিন্তা করা হচ্ছে। এতো ছোট বাজারে ছয়টি অপারেটরের সবার লাভ করা সম্ভব নয়।"
তবে এ বিষয়ে ঢাকায় বাংলালিংক এবং একটেলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না।
বিটিআরসির তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলালিংকের গ্রাহক সংখ্যা ১ কোটি ১৯ লাখ। আর একটেলের গ্রাহক সংখ্যা ৮৭ লাখ। সবচেয়ে বেশি গ্রাহক গ্রামীণফোনের, ২ কোটি ২০ লাখ। যা দেশে সব অপারেটরের মোট গ্রাহকের ৪৬ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/এইচএ/১৪৩০ঘ.
bdnews24