ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --অর্থমন্ত্রীর সঙ্গে আবারও দ্বিমত পোষণ করলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)।
কামাল বুধবার বলেন, আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য শর্তসাপেক্ষে কর অবকাশ সুবিধা বজায় রাখার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
সংসদীয় স্থায়ী কমিটির এই সুপারিশ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দৃষ্টিভঙ্গীর একেবারে উল্টো। বুধবার তিনি নতুন প্রতিষ্ঠানের জন্য কর অবকাশ সুবিধা বহাল রাখার প্রস্তাব নাকচ করে দেন।
সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠক শেষে লোটাস কামাল সাংবাদিকদের বলেন, অগ্রাধিকারমূলক খাতে কর অবকাশ সুবিধা দেওয়া উচিত। এ প্রসঙ্গে তিনি কৃষিভিত্তিক শিল্প ও তথ্য প্রযুক্তি প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, এই খাতগুলোতে খুব কম বিনিয়োগ করা হয়ে থাকে।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে অর্থমন্ত্রী মুহিত যোগ দেননি। অর্থ সচিব মোহাম্মদ তারেকও যোগ দেননি বৈঠকে।
কামাল বলেন, উত্তরাঞ্চলের মতো অনুন্নত এলাকার উন্নয়নে কর অবকাশ সুবিধা খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে।
স্থায়ী কমিটির সুপারিশের ব্যাখ্যা করে কামাল বলেন, প্রথম পাঁচ বছরে কোম্পানি কর অবকাশ সুবিধা পাবে। তখন তারা ১০ শতাংশ করে প্রতীকী কর এবং পরের পাঁচ বছরে নিয়মিত কর দেবে।
তিনি বলেন, "তৃতীয় পাঁচ বছরে কোম্পানিগুলো মুনাফার ৫০ শতাংশ বিনিয়োগ করলে তাদের ১৫ শতাংশ পর্যন্ত কর দিতে হবে।"
মঙ্গলবার এক প্রাক-বাজেট আলোচনায় লোটাস কামাল নতুন করে কর অবকাশ সুবিধা না দেওয়ার ঘোষণাকে 'কাণ্ডজ্ঞানহীন' বলে আখ্যায়িত করেন।
বুধবার সচিবালয়ে বয়স্ক ভাতা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে অর্থমন্ত্রী মুহিত বলেন, "যে যাই বলুক না কেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কর অবকাশ সুবিধা দেওয়ার কোন প্রয়োজন নেই।"
তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভাই নেবে বলেও উল্লেখ করেন তিনি।
স্থায়ী কমিটির বৈঠক সম্পর্কে সভাপতি লোটাস কামাল বলেন, বাজেটের কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাজেটের আকার, রাজস্ব সংগ্রহ ও বিভিন্ন বিষয় নিয়ে সুপারিশ করা হয়েছে।
"বাংলাদেশে বাজেটের আকার সাধারণত মোট দেশীয় উৎপাদনের ১৫ থেকে ১৭ শতাংশের মধ্যে হয়ে থাকে। আগামী বাজেট হবে মোট দেশীয় উৎপাদনের ১৬.৫ শতাংশ," বলেন কামাল।
তিনি বলেন, চলতি অর্থ-বছরে প্রত্যাশিত মোট দেশীয় উৎপাদন ৬১৮০ বিলিয়ন টাকা। ধারণা করা হচ্ছে আগামী অর্থ বছরে তা দাঁড়াবে ৬৮৬০ বিলিয়ন টাকায়।
জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকাণ্ডকে উপজেলা পর্যায় পর্যন্ত স
bdnews24