২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পূঁজি বাজার ইন্সটিটিউট' স্থাপনে দশ কোটি টাকা

একটি 'পূঁজি বাজার ইন্সটিটিউট' স্থাপনের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে দশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শেয়ার বাজারের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয় বলে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 11:55 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি 'পূঁজি বাজার ইন্সটিটিউট' স্থাপনের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে দশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শেয়ার বাজারের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয় বলে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি পূঁজি বাজার ইন্সটিটিউট (বাংলাদেশ ইন্সটিউট অব ক্যাপিটাল মার্কেট-বিআইসিএম) স্থাপনের জন্য রোববার অর্থ মন্ত্রণালয় এ টাকা বরাদ্দ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে বুধবার একথা স্বীকার করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার বলেন, এ বছরের জুলাইয়েই বিআইসিএম স্থাপনের কাজ শুরু হতে পারে। তিনি বলেন, "এ ব্যাপারে সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। তাই আমরাও যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করতে চাই।" ইন্সটিটিউটটি স্থাপনের জন্য এসইসি রাজধানীতে, বিশেষ করে, বাণিজ্যিক এলাকা মতিঝিলে জায়গা খুঁজছে বলে তিনি জানান। জিয়াউল হক খন্দকার বলেন, ইন্সটিটিউটটি প্রতিষ্ঠিত হলে গুজবের ভিত্তিতে অর্থ বিনিয়োগের অংক কমে আসবে, যা আরো দক্ষ একটি বাজার গড়ে তুলতে সহায়তা করবে। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরওসি)-এর ওয়েবসাইটে বলা হয়, অলাভজনক একটি প্রতিষ্ঠান হিসেবে বিআইসিএম এরই মধ্যে আরওসিতে নিবন্ধিত হয়েছে। পুঁজি বাজারের জন্য পৃথক একটি ইন্সটিটিউট গড়ে তোলার ধারণা তিন বছর আগেই দিয়েছিলেন এসইসি'র তৎকালীন প্রধান এবি মির্র্জ্জা আজিজুল ইসলাম। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অর্থ উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এফএফ/টিআর/১৮০০ ঘ.