ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্প-প্রতিষ্ঠান স্থাপনে নতুন করে আর কোনো কর অবকাশ সুবিধা না দেওয়ার ব্যাপারে নিজের অনড় অবস্থানের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, "কে কি বললো তাতে কি? ব্যক্তিগতভাবে আমি এখনও মনে করি নতুন শিল্প প্রতিষ্ঠানে কর অবকাশ সুবিধা দেওয়ার প্রয়োজন নেই। তবে যেসব প্রতিষ্ঠান এ সুবিধা পাচ্ছে নির্ধারিত সময় পর্যন্ত তা অব্যাহত থাকবে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।"
তিনি বলেন, "কর অবকাশের ব্যাপারে এখনও আমি আমার জায়গায় অনড় রয়েছি।"
বুধবার দুপুরে সচিবালয়ে বয়স্কভাতা সংক্রান্ত এক আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
মঙ্গলবার এক প্রাক বাজেট আলোচনায় অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) অর্থমন্ত্রীর নাম উল্লেখ না করে বলেছিলেন, "কর অবকাশ সুবিধা আর দেওয়া হবে না, এটি দায়িত্বজ্ঞানহীন বক্তব্য।"
গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন করে আর কোনো কর অবকাশ সুবিধা দেওয়া হবে না বলে জানিয়েছিলেন।
অর্থমন্ত্রী বলেন, "সংসদীয় কমিটি কোন বিষয়ে সুপারিশ করতে পারে। আমি মনে করি কর অবকাশ সুবিধা দীর্ঘদিন ধরে অপব্যবহার হয়েছে তা আর অব্যাহত রাখা ঠিক না।"
এদিকে আ হ ম মুস্তাফা কামাল বুধবার এক প্রতিবাদপত্রে দাবি করেছেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরাত দিয়ে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় "একটি বিব্রাস্তিকর (বিভ্রান্তিকর) ও অসত্য নিউজ পরিবেশিত হয়েছে।"
প্রতিবাদপত্রে তিনি বলেছেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর "বিভিন্ন ঊষবপঃৎড়হরপ গবফরধ''য় ঞঠ ঝপৎড়ষষরহম" দেখানো হয়েছে।
প্রকৃতপক্ষে প্রচার মাধ্যমগুলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরাত দিয়ে এ ধরনের কোনো খবর প্রচার করেনি। কর অবকাশ সম্পর্কিত অর্থমন্ত্রীর বক্তব্যের বিষয়ে মুস্তাফা কামালের বক্তব্য অবিকৃতভাবেই বর্ণিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/জিএনএ/১৫০০ঘ.
bdnews24