২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকে ৪২৬ কোটি টাকার চার উন্নয়ন প্রকল্প অনুমোদন

চারশ' ২৬ কোটি টাকার চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সম্পূর্ণ সরকারি অর্থে এ প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 01:23 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারশ' ২৬ কোটি টাকার চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সম্পূর্ণ সরকারি অর্থে এ প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। অনুমোদিত চারটি প্রকল্পের একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একটি সড়ক ও রেলপথ বিভাগের এবং দুটি সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্পটি হলো- গাজীপুর জেলার কাশিমপুরে হাই সিকিউরিটি প্রিজন নির্মাণ (সংশোধিত) প্রকল্প। প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি ১১ লাখ টাকা। পরিকল্পনামন্ত্রী বলেন, "মূত্যুদণ্ড ও সাজাপ্রাপ্ত আসামিরা যাতে কারাগার থেকে কোনো অবস্থাতেই পালিয়ে যেতে না পারে সেজন্য অতিরিক্ত নিরাপত্তা সম্বলিত কারাগার নির্মাণ করা হচ্ছে।" সড়ক ও রেলপথ বিভাগের ময়মনসিংহ শহর বাইপাস সড়কের অবশিষ্ট কাজ শেষ করার প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি টাকা। এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক নেটওয়ার্কে অন্তর্ভুক্ত সেতুর অসমাপ্ত কাজ শেষ করতে ২৮১ কোটি টাকা ব্যয়ে একটি এবং ৩৬ কোটি টাকা ব্যয়ে সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে ১০টি সেতু নির্মাণের প্রকল্পও বৈঠকে অনুমোদন পেয়েছে। রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে একনেকের এ বৈঠক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসকে/১৯২৬ঘ.