ঢাকা, ১৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০০৯-১০ অর্থবছরের জাতীয় বাজেটের আকার এক লাখ ১৬ হাজার কোটি টাকা হওয়া উচিত বলে মনে করেন সাবেক অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজ।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এ অভিমত দেন।
একইসঙ্গে রাজস্ব আদায় বাড়াতে এবং স্থানীয় শিল্পের সুরক্ষায় খাদ্য ছাড়া অন্য কোনো কিছুতেই শূন্য আমদানি শুল্ক না রাখার পরামর্শসহ আগামী বাজেট বিষয়ে বেশকিছু সুনির্দিষ্ট প্রস্তাব দেন তিনি।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বিশ্ব অর্থনীতির চলমান মন্দা মোকাবেলা এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে আগামী বাজেট হবে উচ্চাভিলাষী।
মির্জ্জা আজিজ বলেন, "আমি অংক কষে দেখেছি, আগামী অর্থবছরের বাজেট এক লাখ ১৬ হাজার কোটি টাকা হওয়া উচিত। যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৭ শতাংশ। নতুন বাজেটে সরকারের মোট রাজস্ব ব্যয় হওয়া উচিত ৭৯ হাজার ৯০০ কোটি টাকা। আর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হওয়া উচিত ৬০ হাজার কোটি টাকার বেশি। জিডিপি প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৫ শতাংশ। মূল্যস্ফীতি ৬ থেকে ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখতে হবে।"
তার অধিকাংশ প্রস্তাবে একমত পোষণ করে অর্থমন্ত্রী বলেন, "নতুন বাজেট অবশ্যই এক লাখ কোটি টাকার ওপরে হবে।"
নতুন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার বাড়ানোর প্রস্তাব করে মির্জ্জা আজিজ বলেন, "বিশ্বের যে কোনো দেশের চেয়ে বাংলাদেশে উন্নয়ন বাজেট কম। দেশে কর্মসংস্থান বাড়াতে হলে উন্নয়ন বাজেট অবশ্যই বাড়াতে হবে।"
এ প্রসঙ্গে মুহিত আগামী বাজেটে এডিপি'র আকার ৩০ হাজার ৫০০ কোটি টাকা হবে বলে জানান।
চলতি ২০০৮-০৯ অর্থবছরে মূল এডিপি'র আকার ছিল ২৫ হাজার ৬০০ কোটি টাকা। তবে বাস্তবায়ন সন্তোষজনক না হওয়ায় সপ্তাহ দুয়েক আগে তা কাঁটছাট করে ২৩ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। মোট বাজেটের আকার ছিল ৯৯ হাজার ৯৬২ কোটি টাকা।
মির্জ্জা আজিজ চলতি অর্থবছরের ২৩ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি পুরোপুরি বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা না বাড়ানোর প্রস্তাব করে তিনি বলেন, "গতবারও (২০০৮-০৯ অর্থবছরের বাজেটে) আমি ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়ানোর পক্ষে ছিলাম না। কিন্তু বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত এ সীমা এক লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬৫ হাজার টাকা করা হয়। বর্তমানে মূল্যস্ফীতি মোটামুটি একটা সহনীয় পর্যায়ে নেমে এসেছে। এবার এ সীমা বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।"
আগামী দুই বছর করমুক্ত আয়ের সীমা এক লাখ ৬৫ হাজার টাকা রাখার মত দেন তিনি।
করপোরেট ট্যাক্স না কমানোর পরামর্শ দিয়ে সাবেক উপদেষ্টা বলেন, দেশে বেসরকারি ব্যাংকগুলো ভালো ব্যবসা করছে। তদের জন্য যে করপোরেট ট্যাক্স ধার্য আছে তা বাস্তবসম্মত। এ ট্যাক্স কমালে সরকারের রাজস্ব আয় কমে যাবে।
বর্তমানে ব্যাংকগুলোর জন্য ৪৫ শতাংশ করপোরেট ট্যাক্স ধার্য আছে।
খাদ্য ছাড়া অন্য কোনো কিছুতেই শূন্য আমদানি শুল্ক না রাখার প্রস্তাব করেন মির্জ্জা আজিজ।
এ প্রসঙ্গে তিনি বলেন, শিল্প খাতে মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) ও শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে শূন্য শুল্ক আরোপ করা হলে সরকারের রাজস্ব আদায় কমার পাশাপাশি স্থানীয় শিল্প মার খাবে, কর্মসংস্থান কমে যাবে।
কোনো অবস্থাতেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া উচিত নয় বলে মনে করেন মির্জ্জা আজিজ।
নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে কর অবকাশ সুবিধা (ট্যাক্স হলিডে) না দেওয়ার বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে মির্জ্জা আজিজ বলেন, "বছরের পর বছর ট্যাক্স হলিডে দেওয়ার কোনো যুক্তি নেই।"
বাজেট সংক্রান্ত একাধিক আলোচনায় অর্থমন্ত্রী নতুন করে আর ট্যাক্স হলিডে দেওয়া হবে না বলে পরিস্কার জানিয়েছেন। তবে যে সব শিল্প প্রতিষ্ঠান বর্তমানে ট্যাক্স হলিডে সুবিধা পাচ্ছে সেগুলো নির্ধারিত সময় পর্যন্ত এ সুবিধা পাবে বলে জানান তিনি।
রাজস্ব আদায় কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মুহিত বলেন, সাড়ে ১৪ কোটি মানুষের দেশে ট্যাক্স দেয় মাত্র সাত লাখ মানুষ। এটা একটা শরমের ব্যাপার। চিন্তার বিষয়। লোকজন ট্যাক্স দিতে চায় না। সব দায় যেনো সরকারের।
দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, "বাজারে সরকার অবশ্যই হস্তক্ষেপ করবে। জিনিসপত্রের দাম বাড়বে, আর সরকার বসে থাকবে তা কখনই হবে না। টিসিবির মাধ্যমে পণ্য আমদানি করে সরকার অবশ্যই বাজারে হস্তক্ষেপ করবে।"
মুহিত জানান, গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে নতুন বাজেটে বরাদ্দ বাড়ানোর নানা ধরনের পদক্ষেপ নেওয়া হবে। নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সময় গ্যাস ও কয়লা- দুটিই যাতে ব্যবহার করা যায় সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশের সভপতি মাহবুবুর রহমান, বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স (এবিবি) এর চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার, ইআরএফ সভাপতি নাজমুল আহসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/এইচএ/২২৪৩ ঘ.
bdnews24