ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুব শিগগিরই কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোকে (সিআইবি) অনলাইন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
বুধবার দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের দপ্তরে সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে গভর্নর হওয়ার পর প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আতিউর রহমান বলেন, সিআইবি রিপোর্টের কারণে উদ্যোক্তাদের ব্যাংক ঋণ পেতে যাতে দেরি না হয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ এ বিভাগকে অনলাইনের আওতায় নিয়ে আসা হবে। আর এজন্য এ বিভাগে 'ডাবল শিফট' চালু করা হবে। কিছু নতুন জনবলও নেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংকের সিআইবি অনলাইন করা প্রসঙ্গে বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (এবিবি) এর চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাহমুদ সাত্তার সাংবাদিকদের বলেন, উদ্যোক্তারা কোনো ব্যাংকে ঋণের জন্য আবেদন করলে ওই ব্যাংক থেকে সিআইবিতে তথ্য চাওয়া হয়। এখন এ কাজটি সম্পন্ন হতে ১৫ থেকে ২০ দিন কখনও এক মাসেরও বেশি সময় চলে যায়।
বৈঠকে নতুন গভর্নর হিসেবে আগামী চার বছরের বেশ কিছু কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আর এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্যাংকারদের সহায়তা কামনা করেছেন আতিউর রহমান।
গত ২৯ মে সরকার আতিউর রহমানকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। ৩ মে থেকে তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/এসকে/২৩১৭ঘ.
bdnews24