ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেটে অনুৎপাদনশীল খাতে ব্যয় কমিয়ে অবকাঠামো খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান।
একই সঙ্গে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে ডিজেলের দাম কমিয়ে পুনর্র্নিধারণ করারও পরামর্শ দিয়েছেন তিনি।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশন ফর ল রিসার্স অ্যান্ড হিউম্যান রাইটস (এলার্ট) সংগঠনের উদ্যোগে আয়োজিত জাতীয় বাজেট ২০০৯-১০ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
বাজেটে অনুৎপাদনশীল খাতে ব্যয় কমিয়ে অবকাঠামো খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়ে সাবেক অর্থ সচিব আকবর আলি বলেন, ''বাজেটে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তারা অনুৎপাদনশীল খাতে ব্যয় কমাবে কিনা ও অবকাঠামো খাতে বরাদ্দ বাড়াবে কিনা এবং ভর্তুকি কোন কোন খাতে দেয় তা।"
সরকারকে অবশ্য তার নির্বাচনী প্রতিশ্র"তি বাস্তবায়নে কর্মসংস্থানের দিকে নজর দিতে হবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
আকবর আলি বলেন, ''বাজেটে ডিজেলের দাম পুনর্র্নিধারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে সরকারের বিবেচনা করা উচিৎ।
"কারণ কৃষি অর্থনীতির উন্নয়নের জন্য কেবল সারের মূল্য কমালেই চলবে না, সেচের জন্য ডিজেলের দামও কমাতে হবে। এতে রূপ্তানির ক্ষেত্রে ভাল ফল আসবে।''
প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ''প্রশাসনকে কেবল গালি দিলে চলবে না। এতে সংস্কার করতে হবে।
"প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা না গেলে প্রশাসনে গতিশীলতা কিংবা তাদের দক্ষতা বাড়বে না। তাদের কাছ থেকে অভিপ্রেত ফলও আসবে না। তাই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন।''
সংসদে বাজেট নিয়ে গঠনমূলক আলোচনা না হওয়ায় গোলটেবিল বৈঠকে নিজের ক্ষোভের কথা প্রকাশ করেন আকবর আলি।
তিনি বলেন, ''বাজেটের ওপর সাংসদদের অধিকার নেই বলে সেখানে তেমন আলোচনা হয় না। সাংসদরা কেবল রাবার স্ট্যাম্প হিসেবে বাজেটকে অনুমোদন দেন।
অতীতের মতো এবারও হয়তো দেখা যাবে বাজেট ঘোষণার পর সরকারি দল বলছে 'গণমুখী বাজেট হয়েছে' আর বিরোধী দল সমালোচনা করছে 'গণবিরোধী' বলে।"
সাংসদরা জাতীয় বাজেটের চেয়ে উপজেলা বাজেট নিয়ে বেশি মনোযোগী থাকেন বলে এ সময় অভিযোগ করেন তিনি।
সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আশরাফ উদ্দিন চৌধুরী।
বাজেট আলোচনায় সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির অধ্যাপক ড. মোহাম্মদ মূসা, ফারটিলাইজার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান শাহজাহান হোসেন, সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ডিএইচ চৌধুরী, মহানগর দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, ফিনিসড লেদার গুডস অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল প্রমুখ অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১৫১৭ ঘ.
bdnews24