ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭৮৮ কোটি টাকার ৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।
এরমধ্যে প্রকল্প সাহায্যের পরিমাণ হচ্ছে ৪২৫ কোটি টাকা।
মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ৪৮৭ কোটি টাকার নির্মল বায়ু এবং টেকসই পরিবেশ প্রকল্প। পরিবেশ অধিদপ্তর, ঢাকা সিটি করপোরেশন এবং ঢাকা ট্র্যান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ড (ডিটিসিবি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
শেরে বাংলা নগরে এনইসি দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে এছাড়া সড়ক ও রেলপথ বিভাগের তিনটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এগুলো হচ্ছে, ৯০ কোটি টাকার বাবুরহাট-মতলব-পেন্নাই সড়ক উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়), ৮০ কোটি টাকার নিয়ামতপুর-তাহিরপুর এবং ধর্মপাশা-মধ্যনগর সড়ক নির্মাণ প্রকল্প এবং ১৩১ কোটি টাকার চট্টগ্রাম-রাঙামাটি জাতীয় মহাসড়কের চট্টগ্রাম (অক্সিজেন মোড়)-হাটহাজারী অংশ ডিভাইডারসহ প্রশস্তকরণ প্রকল্প।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০৫৬ঘ.
bdnews24