২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'টিআর প্রকল্পের চাল সাংসদদের দেওয়া হলেও চেয়ারম্যানদের হতাশ হওয়ার কিছু নেই'

উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে উন্নয়নের জন্য টিআর প্রকল্পের আওতায় সাংসদদের বিশেষ বরাদ্দ হিসেবে চাল দেওয়া হলেও উপজেলা চেয়ারম্যানদের হতাশ হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 02:38 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে উন্নয়নের জন্য টিআর প্রকল্পের আওতায় সাংসদদের বিশেষ বরাদ্দ হিসেবে চাল দেওয়া হলেও উপজেলা চেয়ারম্যানদের হতাশ হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে মঙ্গলবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাসিক পর্যালোচনা সভা শেষে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, পরিপত্র জারির মাধ্যমে তাদের জন্যও বিশেষ বরাদ্দ দেওয়া হতে পারে। সভায় প্রতিমন্ত্রী বিভিন্ন প্রকল্পের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্প বাস্তবায়নে আরো দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে উন্নয়নের লক্ষ্যে ৩৪৫ সাংসদের জন্য প্রায় ৮৬ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। স্থানীয় সরকার ও খাদ্য মন্ত্রণালয় এই চাল বরাদ্দ করে। এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, সাংসদদের জন্য এই চাল বরাদ্দ করায় উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব হবে না। বরং বিরাজমান খাদ্য সঙ্কটের প্রেক্ষাপটে দরিদ্র মানুষের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এই বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। মাসিক পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী। উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব গোলাম মোস্তফা তালুকদারসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তারা। উপজেলা পরিষদে নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরও স্থানীয় উন্নয়ন কর্মসূচির বরাদ্দ সাংসদদের দেওয়া সম্পর্কে জাহাঙ্গীর কবির বলেন, সময়ের প্রয়োজনেই এটি করা হয়েছে। গত চারদলীয় জোট সরকারের আমলে সাংসদদের জন্য এ ধরণের বিশেষ বরাদ্দে অনিয়ম হয়েছে, এবারো হতে পারে বলে আশঙ্কা করছেন কিনা- এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "এবার এমন হওয়ার সম্ভাবনা কম। কারণ আমরা মনে করি, এবার যারা নির্বাচিত হয়েছেন, তারা এ বিষয়টির দিকে বিশেষভাবে নজর রাখবেন।" সাংসদরা এবার টিআর প্রকল্পের চাল যথাযথভাবেই বন্টন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, দায়িত্ব নেওয়ার পরই বর্তমান সরকার গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করে তোলার উদ্যোগ নিয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী 'একটি বাড়ি একটি খামার' কর্মসূচি চালু করার ঘোষণা দিয়েছেন। এ প্রক্রিয়াও বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, আগামী বাজেটের পর জুলাই থেকে এ কর্মসূচি চালু করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/২০৩৮ ঘ.