ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব মন্দার প্রভাব মোকাবেলায় নিট শিল্পের মোট রপ্তানির বিপরীতে ১০ শতাংশ নগদ আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিকেএমইএ এর একটি প্রতিনিধি দল বৈঠক করে এ দাবি জানায়।
বৈঠক শেষে প্রতিনিধি দলের প্রধান বিকেএমইএ সভাপতি ফজলুল হক সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী মন্দা মোকাবেলায় নিট শিল্প প্রতিষ্ঠানের প্রত্যেক রপ্তানির বিপরীতে ১০ শতাংশ 'আর্থিক সহায়তার' দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন।
"এছাড়া বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সরকার বিদ্যুৎ সমস্যার সমাধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক।
তিনি আরো বলেন, "অনেক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আমাদের আলোচনা হয়েছে। তবে, এর মধ্যে বিশ্ব অর্থনৈতিক মন্দা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিশ্ব মন্দা মোকাবেলায় যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে, সেখানে নিট শিল্পকে রাখা হয়নি। এই শিল্প সামগ্রিক বিপর্যয়ের মুখোমুখি। এজন্য আমরা আর্থিক সহায়তা চেয়েছি। আমাদের আর্থিক সহায়তা দিতে গেলে সরকারের ক্ষতি হলেও, আমরা দশ বছরে তা সরকারকে ফিরিয়ে দিতে পারবো।"
আর্থিক সহায়তার ধরন কি রকম হবে তা জানতে চাওয়া হলে ফজলুল হক বলেন, "প্রতি রপ্তানির বিপরীতে আমরা এই ১০ শতাংশ 'উৎসাহ বোনাস' হিসেবে চেয়েছি।"
তিনি জানান, তাদের এই সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেছেন, 'দরকার হলে প্যাকেজ পুনঃবরাদ্দ করা হবে।'
বিকেএমইএ সভাপতি বলেন, "বিদ্যুত সমস্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন- একদিনে এই সমস্যার সমাধান সম্ভব নয়। বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে সরকার ব্যবস্থা নিচ্ছে। এই পরিস্থিতি সরকারের জন্যও সুখকর নয়। বিদ্যুৎ সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।"
এছাড়াও উৎপাদনমুখী শিল্পখাত হিসাবে নিটওয়্যারের জন্য ব্যাংক সুদের হার কমানো, নারায়ণগঞ্জের চাষাড়ায় প্রস্তাবিত রাজউকের প্লটগুলো বিকেএমইএ'র নামে ন্যায্য মূলে বরাদ্দ দেওয়া, নিট পল্লী স্থাপনে সরকারি সহায়তা, বেনাপোল স্থল বন্দরের জটিলতা নিরসন, নারায়ণগঞ্জের বিআইডাব্লুউটিএ'র জেটিকে আধুনিক টার্মিনালে রূপান্তর এবং এই শিল্পের শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে বিকেএমইএ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/এএল/জিএনএ/২০৫৭ ঘ.
bdnews24