ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বমন্দার প্রভাব মোকাবেলা এবং দেশে বিরাজমান বিদ্যুৎ সংকট নিরসনের বিষয় নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যাণ্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ)।
বিকেএমইএ সভাপতি এসএম ফজলুল হক বুধবার তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
তিনি বলেন, "সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে বিকেএমইএ নেতৃবৃন্দের বৈঠক হবে। এতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে মূলত বিশ্বমন্দা এবং বিদ্যুৎ সংকট নিয়েই আলোচনা হবে। কারণ, এ মন্দার প্রেক্ষাপটে বিশ্বজুড়েই যেখানে ব্যবসায়ীদের আর্থিক সুবিধা প্যাকেজের আওতায় আনা হচ্ছে, সেখানে বাংলাদেশেই এর ব্যতিক্রম ঘটেছে।"
বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করে তিনি জানান, এজন্য প্রয়োজনে সরকারকে বিদ্যুৎ আমদানির প্রস্তাবও করা হতে পারে।
বিকেএমইএ সভাপতি ব্যবসায়ীদের বিশেষ আর্থিক প্যাকেজের আওতায় এনে ব্যবসা-বাণিজ্য রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯১৪ ঘ.
bdnews24