আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ পর্যন্ত 'মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম' নামের বিতর্কিত প্রকল্পটি অনুমোদন করেছে সরকার।
প্রায় সাড়ে ৬শ' কোটি এ প্রকল্পের আওতায় দেশের মসজিদগুলোকে কাজে লাগিয়ে ৩০ লাখ ৯০ হাজার শিশুকে প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হবে। এই কোর্স শেষ করা শিক্ষার্থীদের মধ্যে কমপক্ষে ৮০ শতাংশ প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে।
মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এটিসহ মোট ১১টি প্রকল্পটি অনুমোদন করা হয়।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বেশ কয়েকবার এই প্রকল্পটি অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ব্যাপক সমালোচনা হওয়ায় শেষ পর্যন্ত তা অনুমোদন করেনি তত্ত্বাবধায়ক সরকার।
প্রকল্পটি চালু হলে দেশের কোনো কোনো মসজিদ থেকে কোমলমতি শিশুকিশোরদের মনে জঙ্গিবাদী ভাবধারা ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল প্রচারমাধ্যমে।
এ প্রকল্পের অধীনে স্কুলগামী ২১ লাখ শিক্ষার্থীকে শুদ্ধভাবে কোরআন শরীফ পাঠ শিক্ষাদান ও বিভিন্ন বিষয়ে সচেতনতা শিক্ষাও দেওয়া হবে। এছাড়া ৯৬ হাজার নিরক্ষর কিশোর-কিশোরী এবং বয়স্ককে (মহিলা ও পুরুষ এবং জেলখানার কয়েদী) ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা এবং স্বাক্ষরতা জ্ঞান দেওয়া হবে।
সম্পূর্ণ সরকারি অর্থে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
বৈঠকের পর পরিকল্পনা সচিব হাবিবুল্যাহ মজুমদার এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের ৬শ' ৪৩ কোটি ৫৫ লাখ টাকার এ প্রকল্পটিসহ ১১টি প্রকল্প অনুমোদনের তথ্য জানান।
দেশে জঙ্গিবাদ নিয়ে এত কথা হচ্ছে-এমন সময়ে বিতর্কিত এ প্রকল্পটি অনুমোদন দেওয়ার ফলে জঙ্গি তৎপরতা বেড়ে যাবে কিনা- এ প্রশ্নের উত্তরে পরিকল্পনা সচিব বলেন, "আমি সরকারি কর্মকর্তা। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।"
গত তত্ত্বাবধায়ক সরকারের শেষ পর্যায়ে প্রকল্পটি অনুমোদনের জন্য একনেক বৈঠকে উত্থাপন করা হয়। কিন্তু ঐ বৈঠকে নানা কারণে প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়।
অনুমোদিত এই প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, সারা দেশের ৬৪টি জেলার ৪৮৫টি উপজেলা/থানায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। ২০০৯ সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা। আর শেষ হবে ২০১৩ সালের ডিসেম্বরে।
প্রকল্পের আওতায় নব্য ও স্বল্প শিক্ষাপ্রাপ্তদের অর্জিত শিক্ষা জীবনব্যাপী অব্যাহত রাখা, অর্জিত স্বাক্ষরতা জ্ঞান 'সতেজ ও সজীব' রাখা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে ১৫৩৬টি রিসোর্স সেন্টার কাম-অব্যাহত শিক্ষা পাঠাগার পরিচালনা করা হবে বলে কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।
প্রকল্পের পটভূমিতে বলা হয়েছে, ১৯৯১ সালে সরকার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রবর্তন করে। প্রকল্পটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ভর্তি বৃদ্ধি এবং নিরক্ষরতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ৪টি পর্যায়ে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় ৫২ লাখ ৫৭ হাজার ৬০০ জনের বিপরীতে ৫৩ লাখ ৫৮ হাজার ৭৫০ জনকে (১০২ শতাংশ) শিক্ষা প্রদান করা হয়েছে।
প্রকল্পটির ফলে প্রাথমিক স্কুলে ছাত্র-ছাত্রী ভর্তি সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে পটভূমিতে উল্লেখ করা হয়। এছাড়া এর আওতায় ৩৮ হাজার ৯শ' ৩৯ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে কার্যপত্রে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২২১৬ঘ.
bdnews24