২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দেওয়ায় কোনো সমস্যা হবে না'

বিশ্বমন্দার প্রেক্ষাপটে এবং বাজেটের আগে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দেওয়ায় ব্যাংক ও আর্থিক খাতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পহেলা মে থেকে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2009, 06:20 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিশ্বমন্দার প্রেক্ষাপটে এবং বাজেটের আগে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দেওয়ায় ব্যাংক ও আর্থিক খাতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পহেলা মে থেকে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, "কিছুদিন আগে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বাজেটের কাজে কোনো সমস্যা হচ্ছে না। তেমনি সালেহউদ্দিন আহমেদের জায়গায় নতুন আরেকজন গভর্নরের দায়িত্ব নিলে কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।" সোমবার বিকেলে রাজধানীর পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে আওয়ামী লীগ নেতা নুহ-আলম লেনিনের 'স্বাধীনতার সন্ধানে' গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মুহিত বলেন, "একজনকে দিয়ে কোনো প্রতিষ্ঠানের সব কাজ চলে না। সালেহউদ্দিন চার বছর দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংককে একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন। সে জায়গায় নতুন কেউ আসলে সবাইকে নিয়ে তিনিও প্রতিষ্ঠানটিকে ভালোভাবে গড়ে তুলবেন। এক্ষেত্রে বিশ্বমন্দা বা বাজেট কোনো সমস্যা হবে না। "পহেলা মে থেকে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর দায়িত্ব পালন করবেন। আজকের (সোমবার) পত্র-প্রত্রিকায় একটি নাম এসেছে। কিন্তু সে বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। তবে এটা বলতে পারি পহেলা মে থেকে নতুন গভর্নর কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্ব পালন করবেন।" নতুন গভর্নর কে হবেন সে বিষয়ে আগামীকাল (মঙ্গলবার) সরকারি প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানান তিনি। 'আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন'-এ খবর রোববার গণমাধ্যমে প্রচারিত হয়। এ প্রসঙ্গে মুহিত জানান, অর্থনীতিবিদ, ব্যাংকার ও এ বিষয়ে প্রশাসনিক দক্ষতা এবং যারা এ সব বিষয়ে বিশেষজ্ঞ- তাদের মধ্য থেকে একজনকে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও প্রকাশক মফিদুল হক, দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক সোহরাব হাসান, লেখক নূহ-আলম লেনিন প্রমুখ বক্তব্য রাখেন। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২৩০০ঘ.