ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপ্রদর্শিত বা কালো টাকা বন্ডের মাধ্যমে বাজারে ছেড়ে তা দিয়ে 'বিদ্যুৎ তহবিল' গঠনের প্রস্তাব করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)।
ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠনটি কোনো শর্ত ছাড়া কালো টাকা ৭ শতাংশ সুদে সাত বছর মেয়াদি বন্ড বাজারে ছাড়ার মাধ্যমে 'বাংলাদেশ পাওয়ার ফান্ড' নামে তহবিল গঠনের দাবি জানিয়েছে সরকারের কাছে।
এছাড়া বিশ্ব অর্থনীতির চলমান মন্দার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত খাতগুলোর জন্য একটি জরুরি 'আর্থিক প্রণোদনা তহবিল' গঠনেরও আবেদন জানিয়েছে তারা।
শনিবার দুপুরে মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও কয়েকটি জাতীয় দৈনিকের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এফবিসিসিআই সভাপতি আনিসুল হক সংগঠনের পক্ষে এ সব দাবি জানান।
তিনি বলেন, "দেশে বিদ্যুৎ সঙ্কট এখন মহাসঙ্কটে পরিণত হয়েছে। .. বিশ্বমন্দার প্রভাব আমাদের অর্থনীতিতে ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে জরুরিভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে না পারলে অর্থনৈতিক দিক দিয়ে দেশ বড় ধরনের সঙ্কটের মুখে পড়বে।"
এফবিসিসিআই প্রধান বলেন, "দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হলে এ খাতে বড় ধরনের বিনিয়োগ করতে হবে। কালো টাকা বিনিয়োগের সুযোগ দিয়ে সেই টাকা দিয়ে 'বাংলাদেশ পাওয়ার ফান্ড' গঠনের মাধ্যমে সরকার বিদ্যুৎ খাতে এই বিনিয়োগ করতে পারে।"
আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ খাতে এ ভাবে বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।
এ প্রসঙ্গে আনিসুল হক আরও বলেন, "সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আয়ের উৎস অপ্রদর্শিত (অঘোষিত) রেখে এবং সেই আয় বৈধতার সুযোগ দিয়ে ৭ শতাংশ সুদে সাত বছর মেয়াদি বার্ষিক সুদ উত্তোলনযোগ্য 'বাংলাদেশ পাওয়ার ফান্ড' বন্ড বাজারে ছাড়তে পারে।"
এ থেকে সরকার মোটা অঙ্কের তহবিল গঠন করতে পারবে উল্লেখ করে আনিসুল হক বলেন, "২০০৪ সালে ভারত সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অপ্রদর্শিত আয় গ্রহণ করে বা বৈধ করার সুযোগ দিয়ে এক লাখ কোটি রুপির একটি তহবিল গঠন করেছিল।"
'বিদ্যুৎ বিকাশ পত্র' নামের ঐ তহবিল ভারতে সাফল্যজনকভাবে বাস্তবায়িত হয়েছিল বলে তিনি দাবি করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে এফবিসিসিআই নেতারা বিশ্ব মন্দায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন খাতের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক করেন।
ওই বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যবসায়ী স
bdnews24