২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দা মোকাবিলায় মূল পুনরুদ্ধার প্রকল্প বাজেটে

বিশ্ব মন্দার প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত খাতগুলোর জন্য 'পুনরুদ্ধার সহায়তা প্যাকেজ' ঘোষণার আগে চলতি অর্থবছরের বাকি সময়ের জন্য আগামী রোববার একটি অন্তবর্তীকালীন 'নীতি সহায়তা প্যাকেজ' ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব মন্দার প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত খাতগুলোর জন্য 'পুনরুদ্ধার সহায়তা প্যাকেজ' ঘোষণার আগে চলতি অর্থবছরের বাকি সময়ের জন্য আগামী রোববার একটি অন্তবর্তীকালীন 'নীতি সহায়তা প্যাকেজ' ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বিকেলে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, "বিশ্ব অর্থনীতির মন্দার প্রভাব মোকাবিলায় 'আসল প্যাকেজ' ঘোষণা করা হবে আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটের মাধ্যমে। মাস দেড়েক পরেই জুন মাসের প্রথমার্ধে নতুন বাজেট ঘোষণা করা হবে। ওই বাজেটেই ক্ষতিগ্রস্ত রপ্তানি খাতের ক্ষতি পুষিয়ে দিতে একটি সমন্বিত প্যাকেজ ঘোষণা করা হবে।" মন্দা মোকাবিলায় ইতোমধ্যে বেশকিছু পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে তিনি বলেন, "যেসব রপ্তানি খাতে সরকার নগদ আর্থিক সহায়তা দিয়ে থাকে- সেই সহায়তা যাতে কোনো অবস্থাতেই বকেয়া না থাকে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।" আবুল মুহিত জানান, ক্ষতিগ্রস্ত রপ্তানি খাতের ব্যাংক ঋণ যাতে খেলাপি না হয় সেজন্য কোনো ধরনের ডাউন পেমেন্ট ছাড়াই (এককালীন পরিশোধ) ঋণ পুন:তফসিলের সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে ব্যাংক ঋণের সুদের হার কমানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ সব বিষয়সহ আরও কিছু নীতি সহায়তা সম্বলিত অন্তবর্তীকালীন প্যাকেজ আগামী রোববার ঘোষণা করা হবে বলে জানান মন্ত্রী। বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেন, "বিশ্ব মন্দার প্রভাব দেশের তৈরি পোশাক শিল্পে পড়তে শুরু করেছে। রপ্তানি আদেশ আগের থেকে অনেক কমে গেছে। রপ্তানি পণ্যের দামও ২৫ থেকে ৩০ শতাংশ কমে গেছে। এ পরিস্থিতিতে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্যই আমরা সরকারের কাছে সহায়তা প্যাকেজ চেয়েছি।" বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে তৈরি পোশাক শিল্পের জন্য সরকার বিশেষ সহায়তা প্যাকেজ না দিলে এ শিল্প খাত বড় ধরনের সঙ্কটের মুখে পড়বে বলে জানান তিনি। বিজিএমইএ সভাপতি বলেন, "মন্দা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা সরকারের কাছে আমাদের মোট রপ্তানি মূল্যের ৩০ ভাগের উপর প্রতি ডলারের বিপরীতে ১০ টাকা অতিরিক্ত বিনিময় হার প্রদানের সুপারিশ করেছি। এছাড়া ব্যাংক ঋণের সুদের হার দুই অঙ্কের নিচে নামিয়ে আনা, সব ব্যাংক চার্জ সহনীয় পর্যায়ে নামিয়ে আনা, পোশাক শিল্পে আরোপিত শুন্য দশমিক ২৫ শতাংশ উৎসে আয়কর অব্যাহতি, রপ্তানি মূল্যের উপর ১০ শতাংশ নগদ আর্থিক সহায়তা প্রদানসহ বেশ কিছু প্রস্তাব করেছি।" বাংলাদেশে অর্থবছর শুরু হয় ১লা জুলাই থেকে। আর শেষ হয় ৩০ জুন। জুন মাসের প্রথম দিকে অর্থমন্ত্রী জাতীয় সংসদে পরবর্তী অর্থবছরের বাজেট পেশ করে থাকেন। সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনার পর জুন মাসের একেবারে শেষের দিকে পাস হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/জিএনএ/১৯৫৫ ঘ.