ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো (আইএসপি) শিগগিরই পেতে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে টেলিফোন সেবা দেওয়ার (আইপি টেলিফোনি সার্ভিস) বৈধতা।
ইতোমধ্যে ইন্টারনেট প্রোটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডার (আইপিটিএসপি) লাইসেন্সের নীতিমালা চূড়ান্ত হয়েছে।
বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নীতিমালাটি তাদের ওয়েব সাইটে প্রকাশ করেছে।
প্রথম পর্যায়ে আইপিটিএসপি লাইসেন্স পেতে আগ্রহীদের আগামী ৩১ মে'র মধ্যে আবেদন করতে হবে বলে ওই নীতিমালায় বলা হয়েছে। শুধু আইএসপি লাইসেন্সধারীদের এই লাইসেন্স দেওয়া হবে বলেও জানিয়েছে বিটিআরসি।
১৫ বছর মেয়াদি এই লাইসেন্সের আওতায় প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট সেবা দেওয়ার পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে দেশে-বিদেশে বৈধভাবে 'ভয়েস কল' সেবা দিতে পারবে। কম্পিউটার থেকে ফোন, ফোন থেকে কম্পিউটার, ফোন থেকে ফোন অথবা অন্য যেকোনো ভাবেও কল করার সেবা দেওয়ার সুবিধা থাকবে প্রতিষ্ঠানগুলোর।
বিটিআরসি জানিয়েছে, লাইসেন্স দেওয়ার ছয় মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হবে।
প্রথম থেকেই আইএসপি'গুলোকে দেশব্যাপী ও অঞ্চলভিত্তিক- দুই ধরনের আইপিটিএসপি লাইসেন্স দেওয়া হবে। 'দেশব্যাপী আইপিটিএসপি' লাইসেন্সধারীরা গ্রাহকদের আইপি টেলিফোনি সেবা দিতে পারবে। তবে অঞ্চলভিত্তিকদের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে নির্দিষ্ট এলাকায়।
প্রতিষ্ঠানগুলো লাইসেন্সের মেয়াদ নবায়ন করার সুবিধা পাবে। এক্ষেত্রে লাইসেন্স পাওয়ার ১৫ বছর পর প্রতিবার ৫ বছর করে পুনর্নিবন্ধন বা নবায়ন করার সুযোগ পাবে তারা।
পাঁচ হাজার টাকা দিয়ে আবেদন করা গেলেও 'দেশব্যাপী'র ক্ষেত্রে লাইসেন্স ফি ১০ লাখ, কেন্দ্রীয় অঞ্চলের ক্ষেত্রে ৮ লাখ এবং অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে ২ লাখ টাকা লাইসেন্স ফি ধরা হয়েছে।
নবায়ন ফি ধরা হয়েছে- দেশব্যাপীর ক্ষেত্রে পাঁচ লাখ, কেন্দ্রীয় অঞ্চলের ক্ষেত্রে চার লাখ এবং অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে এক লাখ টাকা।
কার্যক্রম শুরু করার তৃতীয় বছর থেকেই লাইসেন্সধারীদের তার বার্ষিক রাজস্বের দুই শতাংশ সরকারের কোষাগারে জমা দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসকে/২২১৫ঘ.
bdnews24