২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বমন্দা: আর্থিক সহায়তার পরিমাণ ৩০০০ কোটি পর্যন্ত হতে পারে

বিশ্বমন্দায় ক্ষতিগ্রস্ত খাতগুলোর জন্য সরকারের আর্থিক সহায়তার পরিমাণ ২৫০০-৩০০০ কোটি টাকা হতে পারে বলে আভাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বুধবার সাংবাদিকদের অর্থের পরিমাণ নিয়ে বাণিজ্যমন্ত্রী একথা বললেও অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মুখ খুলেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 09:08 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বমন্দায় ক্ষতিগ্রস্ত খাতগুলোর জন্য সরকারের আর্থিক সহায়তার পরিমাণ ২৫০০-৩০০০ কোটি টাকা হতে পারে বলে আভাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বুধবার সাংবাদিকদের অর্থের পরিমাণ নিয়ে বাণিজ্যমন্ত্রী একথা বললেও অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মুখ খুলেননি। টাকার পরিমাণ কত হতে পারে জানতে চাইলে মুহিত একই দিন প্রায় একই সময়ে অন্য এক দল সাংবাদিকদের বলেন, "সেটা এখন বলা যাবে না।" সকালে নিজ মন্ত্রণালয়ে সফররত আয়ারল্যান্ডের ইনটিগ্রেশন মন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, "প্যাকেজের বিষয়ে বলবেন অর্থমন্ত্রী। তবে এ প্যাকেজটা ২৫০০ থেকে ৩০০০ কোটি টাকার করার চিন্তা ভাবনা করা হচ্ছে। এছাড়া উন্নত দেশগুলো থেকেও এ বিষয়ে সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করছি। কারণ এ অর্থনৈতিক মন্দাটা হয়েছে উন্নত দেশের কারণে।" সকালে অর্থমন্ত্রী তার কার্যালয়ে অ্যাসোসিয়শন অব ডেভেলপমেন্ট এজেন্সিস বাংলাদেশ (অ্যাডাব) এর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, "বিশ্বমন্দায় ক্ষতিগ্রস্ত রপ্তানি খাতের জন্য বিশেষ প্যাকেজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যাওয়ার আগে তা ঘোষণা করা হবে।" প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২২ এপ্রিল সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে। অর্থমন্ত্রী জানান, যেসব খাত বিশ্বমন্দায় ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র সেসব খাতকে এ বিশেষ প্যাকেজের আওতায় নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত খাতগুলো ইনসেনটিভ (নগদ আর্থিক সহায়তা) যাতে দ্রুত পায় সে ব্যাপারে একটি আইন করা হবে। বর্তমানে প্রায় এক হাজার কোটি টাকার বেশি বকেয়া রয়েছে। তবে অর্থ মন্ত্রণালয় সপ্তাহ খানেক আগে সংশ্লিষ্ট রপ্তানিকারকদেরকে ২ শ' ৪৩ কোটি টাকা 'ছাড়' করেছে। এ নগদ সহায়তা যাতে সংশ্লিষ্ট রপ্তানিকারকরা দ্রুত পায় বা বাকি না থাকে সেজন্যই আইন করা হবে বলে জানান অর্থমন্ত্রী। এরপর অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন'র একটি প্রতিনিধি দল দেখা করে। তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, ২০০৯-১০ অর্থবছরের বাজেটে পোল্ট্রি শিল্পকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। এদিকে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, রমজানকে সামনে রেখে জিনিসপত্রের দাম সহনীয় রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) আরো কার্যকর করা হবে। হঠাৎ করে ভোজ্য তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, "ব্যবসায়ীরা এটি করবে না বলে বিশ্বাস করি। আমরা তাদের ডেকে বলব যাতে দাম বৃদ্ধির বিষয়টি সহনীয় রাখে। যদি সেটা না করে তবে সরকার ব্যবস্থা নেবে। কারণ আমরা জনগনকে ব্যবসায়ীর হাতে জিম্মি হতে দেব না।" বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এর তদন্ত কাজ ভালোভাবেই চলছে। আমরা চাই, একটি ভালো তদন্ত। 'জজ মিয়া' টাইপের মতো তদন্ত করে লাভ নেই। তা হলে এ ধরনের ঘটনা আরো বাড়বে।" ফারুক খান বিডিআর বিদ্রোহের তদন্ত কমিটিগুলোর সমন্বয়কারী কমিটির প্রধান। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। ইতোমধ্যেই একটি খসড়া প্রতিবেদন তৈরী করা হয়েছে। আরো কিছু তথ্য পাওয়া গেলে তা এ প্রতিবেদনে যোগ হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এআরএইচ/এফএফ/এজে/জিএনএ/১৫০৩ ঘ.