ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) মন্দা মোকাবেলার জন্য সব খাতের খেলাপি ঋণ ডাউন পেমেন্ট ছাড়া পুনঃতফসিলের সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে।
এফবিসিসিআই এর ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম আহমেদ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে মন্দা মোকাবেলায় ইতিমধ্যে হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত দ্রব্য, চামড়া ও চামড়াজাত দ্রব্য এবং বস্ত্র- এ চারটি শিল্পখাতে ডাউন্ট পেমেন্টের শর্ত রহিত করার জন্য সরকারকে ধন্যবাদ দেওয়া হয়।
এতে আরো বলা হয়, "এই চারটি খাত ছাড়াও কিস্তি পরিশোধে ব্যর্থ স্থানীয় সকল খেলাপি শিল্প প্রতিষ্ঠানগুলোকে ডাউন্ট পেমেন্ট ছাড়া ঋণের কিস্তি পরিশোধের সুবিধা প্রদান করা প্রয়োজন বলে আমরা মনে করি। অন্যথায় এ সব প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাবে এবং বিপুলসংখ্যক শ্রমিক বেকার হয়ে যাবে যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১৯২৫ঘ.
bdnews24