ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রতিযোগী দেশের তুলনায় তৈরি পোশাকের দাম বেশি হওয়ায় ক্রেতা হারাচ্ছেন বাংলাদেশের রপ্তানিকারকরা।
আর প্রয়োজনীয় অবকাঠামোর অভাবই এখানকার পণ্যের দাম বেশি হওয়ার কারণ।
পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ একথা বলেছে।
সংগঠনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, দামের কারণে ক্রেতারা ভারত ও চীনসহ অন্য দেশের পণ্যের দিকে ঝুঁকে পড়ছে।
বিজিএমইএ সভাপতি সংগঠনটির নিজস্ব ভবনে ক্রেতা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
আব্দুস সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেন, "এখন আমরা যে মূল্য ধরছি তা প্রতিযোগী দেশের তুলনায় বেশি।"
দাম বেশি রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "আমাদের তুলনায় প্রতিযোগী দেশের অবকাঠামোগত সুবিধা বেশি। তাদের বিভিন্ন ধরনের প্রণোদনামূলক প্যাকেজও দেওয়া হচ্ছে।"
বিদ্যুৎ, গ্যাস ও বন্দর সুবিধার ঘাটতি এবং ব্যাংক ঋণের সুদের উচ্চ হারের কথাও উল্লেখ করেন তিনি।
বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে রপ্তানি বাড়বে না কমবে, এই প্রশ্নের উত্তরে মুর্শেদী বলেন, "রপ্তানি বৃদ্ধির ব্যাপারে ক্রেতারা কোনও আশ্বাস দেয়নি। তবে তারা বলেছে, আগের বছর যে পরিমাণ আমদানি করা হয়েছে তা তারা ধরে রাখবে।"
২০০৮ সালে (পঞ্জিকা বর্ষ) প্রায় ১১ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ৩ দশমিক ৩৮ বিলিয়ন ডলারের ওভেন এবং ৩ দশমিক ৮০ বিলিয়ন ডলারের নিটওয়্যার রপ্তানি করা হয়েছে। এতে প্রথম সাত মাসে ওভেনে প্রবৃদ্ধির হার ২০ দশমিক ৫৯ শতাংশ এবং নিটওয়্যারে ২৬ দশমিক ১৭ শতাংশে দাঁড়িয়েছে।
প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সরকারের সহযোগিতা কামনা করে লিখিত বক্তব্যে বিজিএমইএ সভাপতি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটের প্রভাব বাংলাদেশের ওপর পড়তে শুরু করেছে। গত বছরের ফেব্র"য়ারির তুলনায় এ বছরের ফেব্র"য়ারিতে ১৮ শতাংশ এবং আগের বছরের মার্চের তুলনায় এ বছরের একই সময়ে ৫ শতাংশ অর্ডার কমেছে। মে মাসের মধ্যে সঙ্কটের প্রভাব আরো স্পষ্ট হয়ে উঠবে বলে তিনি দাবি করেন।
ক্রেতাদের পরামর্শ ও চাহিদা সম্পর্কে মুর্শেদী বলেন, "তারা সময়মতো পণ্য সরবরাহ ও গুণগতমান বজায় রাখার পরামর্শ দিয়েছে। এছাড়া মার্চেন্ডাইজিং ও ডিজাইনের উন্নতি করারও পরামর্শ দিয়েছেন তারা।"
বিশেষ করে কম মজুরির বিষয়টি বাংলাদেশের তৈরি পোশাক খাতের অন্যতম প্রধান সুবিধার দিক ছিল। এ ক্ষেত্রে প্রতিবেশি ভারত বা চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ। কিন্তু ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে ক্রেতারা ক্রমেই আরো সস্তা শ্রমের সন্ধান করছে। বিশেষ করে চীন প্রায় অবিশ্বাস্য কম দামে পণ্য সরবরাহ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিআর/এসকে/২১০৫ঘ.
bdnews24