ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান মন্দার কারণে গ্যাস ও বিদ্যুৎ খাতে নির্বাচনী প্রতিশ্র"তি বাস্তবায়ন কঠিন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে মধ্যমেয়াদি বাজেট কাঠামোর (এমটিবিএফ) আওতাধীন ২০টি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, "নির্বাচনী ইস্তেহারে দেশের গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট নিরসনে আমরা যে স্বপ্ন দেখিয়েছিলাম বা দেখেছি, বিশ্ব অর্থনীতির মহামন্দার কারণে তা আগামী তিন বছরের মধ্যে বাস্তবায়ন সম্ভব হবে না। এ জন্য আমাদের ক্ষমতার পুরো পাঁচ বছরের প্রয়োজন হবে।"
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে আগামী তিন বছরের মধ্যে দেশে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে ৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার প্রতিশ্র"তির কথা বলা হয়েছিল।
দেশের গ্যাস সঙ্কট পরিস্থিতিকে 'খুবই খারাপ' অভিহিত করে অর্থমন্ত্রী বলেন, "এই খারাপ অবস্থা থেকে উত্তরণের সহসা কোনো পথ নেই। তবে আগামী তিন বছর পর প্রতিদিন আমরা ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারবো বলে আশা করছি।"
মুহিত জানান, বাজেটে সরকার বিদ্যুৎ ও গ্যাস খাতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
সরকার এ খাতের জন্য আগামী পাঁচ বছর কি করতে চায়- তাও বাজেটে বলা হবে বলে জানান আবুল মুহিত।
এমটিবিএফ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এ পর্যন্ত ২০টি মন্ত্রণালয়কে এমটিবিএফ এর আওতায় নিয়ে আসা হয়েছে।
এমটিবিএফ'র আওতায় স্থান পাওয়া নতুন চারটি মন্ত্রণালয় হচ্ছে-গৃহায়ন, সেতু বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানি।
মুহিত জানান, এমটিবিএফ এর আওতার মন্ত্রণালয়গুলোকে এক বছরের বাজেটের ধারাবাহিকতায় তিন বছরের জন্য ব্যয় বরাদ্দের একটি প্রক্ষেপণ করতে বলা হয়েছে।
এর মাধ্যমে বাজেটের ওপর মন্ত্রণালয়গুলোর দায়বদ্ধতা ও মালিকানা (ওনারশিপ) বাড়বে বলে মনে করেন অর্থমন্ত্রী।
তিনি জানান, বিশ্ব মন্দার কারণে আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটে ভর্তুকির পরিমাণ বাড়বে। এর সঙ্গে কর্মসংস্থান, প্রশিক্ষণ, কৃষি, পল্লী উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানির ওপর বিশেষ নজর দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসকে/২২১২ঘ.
bdnews24