ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০২১ সালের মধ্যে 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার লক্ষ্যে সরকার হার্ডওয়্যার খাতে মার্কিন বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করবে।
রোববার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 'ডিজিটাল বাংলাদেশ' শীর্ষক এক সেমিনারে বাণিজ্য মন্ত্রী ফারুক খান এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, "আমরা আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছি। সেখানকার হার্ডওয়্যার প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য অনুরোধ জানানো হবে।
"বাংলাদেশ সফটওয়্যারে অনেক উন্নতি করেছে। এখানকার সফটওয়্যার রপ্তানি হচ্ছে। হার্ডওয়্যার খাতের উন্নতি দরকার।"
হার্ডওয়্যার খাতে স্থানীয় বিনিয়োগকারীদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এ খাতে কেউ বিনিয়োগ করতে চাইলে আমাদের বলুন। আমরা সব ধরনের সহায়তা করবো।
ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তিনটি চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন ফারুক খান । এগুলো হলো- বিদ্যুৎ, প্রশিক্ষণ ও যন্ত্রপাতি।
তিনি জানান, তথ্য প্রযুক্তির যন্ত্রপাতি আমদানির ওপর এ সরকার শুল্ক-কর আরোপ করবে না। বিদ্যুৎ সমস্যার সমাধানেও সরকার প্রতিশ্র"তি দিয়েছে। এছাড়া তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনবলও গড়ে তোলা হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, সরকার ২০১৩ সালের মধ্যে মাধ্যমিক ও ২০২১ সালের মধ্যে প্রাথমিক স্তরে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে। কিন্তু এখনও বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ৮০ ভাগ শিক্ষার্থী কম্পিউটার ব্যবহারের বাইরে থাকায় এটা বাস্তবায়ন সরকারের জন্য একটা চ্যালেঞ্জ।
তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনায় দেশে দক্ষ জনবলের অভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সরকারি ওয়েবসাইটের দুর্দশার চিত্র তুলে ধরে জামিলুর রেজা জানান, বর্তমানে সরকারের ৪২টি মন্ত্রণালয়, ২০০টি বিভাগ ও ৬৪টি ডিসি অফিসের ওয়বসাইট রয়েছে। কিন্তু এগুলোর বেশিরভাগই নিয়মিত আপডেট করা হয়না।
মন্ত্রিসভা তথ্য প্রযুক্তি নীতিমালা অনুমোদন করায় সরকারকে অভিনন্দন জানান তিনি।
এ নীতিমালা শিগগিরই বাস্তবায়ন করা হবে বলে জানালেন ফারুক খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম রিজওয়ান খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কিউএইচ/এইচএ/২২১৩ঘ.
bdnews24