২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি নিম্নমুখী রাখতে বাজেটে প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ

মূল্যস্ফীতি যেন আবারো বেড়ে না যায় সে বিষয়টি সক্রিয় বিবেচনায় রেখে ২০০৯-১০ অর্থবছরের বাজেট প্রণয়নে অর্থমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ স্থানীয় অর্থনীতিবিদরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 06:58 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল্যস্ফীতি যেন আবারো বেড়ে না যায় সে বিষয়টি সক্রিয় বিবেচনায় রেখে ২০০৯-১০ অর্থবছরের বাজেট প্রণয়নে অর্থমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ স্থানীয় অর্থনীতিবিদরা। নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখার জন্যও অর্থমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরে প্রাক-বাজেট আলোচনায় এ সব পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আলোচনায় অর্থমন্ত্রী কোনো বক্তব্য রাখেননি। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টার দীর্ঘ আলোচনায় অর্থমন্ত্রী প্রায় ৩০ জন অর্থনীতিবিদের পরামর্শ শোনেন এবং নোট নেন। বাজেট প্রণয়নে এসব পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে জানিয়ে আলোচনার সমাপ্তি ঘোষণা করেন আবুল মাল আব্দুল মুহিত। আলোচনায় সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান বলেন, "কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে এর আগে কখনই দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনেনি। এ সুযোগ দেওয়া অনৈতিকও বটে। তবে এ সুযোগ যদি শেষ পর্যন্ত দিতেই হয় তবে তা বিনিয়োগ হবে-এ নিশ্চয়তা বিধান করেই এ সুযোগ দিতে হবে।" কালো টাকার মালিক তার কালো টাকা সাদা করে উৎপাদনশীল খাতে বিনিয়োগ করবে-এমন 'বেয়ারার সার্টিফিকেট' পাওয়ার পরই কেবল এ সুযোগ দেওয়া যেতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, "বিশ্ব মন্দার কারণে এবার এক কঠিন অনিশ্চয়তার মধ্যে অর্থমন্ত্রীকে বাজেট দিতে হবে। এর আগে কখনই এমন অনিশ্চয়তার মধ্যে কোনো অর্থমন্ত্রী বাজেট দেননি।" তিনি বলেন, "বিশ্ব মন্দার কারণে বৈদেশিক সাহায্য কমে যেতে পারে। বেসরকারি খাতকে সহায়তা করতে হবে। রাজস্ব আদায় আশানুরূপ না হতে পারে।" অযথা বড় বাজেট না করে বাস্তবতার নিরিখে কম খরচ করে বেশি সুফল পাওয়া যায় এমন বাজেট প্রণয়নের জন্যও অর্থমন্ত্রীকে পরামর্শ দেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। কালো টাকা প্রসঙ্গে তিনি বলেন, "কালো টাকা একটি স্পর্শকাতর বিষয়। এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কালো টাকা আমাদের অর্থনীতির মূল ধারার সঙ্গে মিশে আছে। আইন করে সাদা করার সুযোগ দেওয়ার প্রয়োজন নেই। কালো টাকার মালিকরা যাতে তাদের কালো টাকা উৎপাদনশীল খাতে বিনিয়োগ করে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।" তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক অর্থ উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, "আমি কোনো অবস্থাতেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পক্ষে নই। বার বার এ সুযাগ দেওয়া উচিৎ নয়।" আকবর আলি খান বলেন, "মূল্যস্ফীতির ব্যাপারে বাজেটে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। বিশ্ব মন্দার কারণে মূল্যস্ফীতি যাতে আবার ঊর্ধ্বমুখী না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশ্ব মন্দায় ক্ষতিগ্রস্ত খাতগুলোকে অবশ্যই সহায়তা দিতে হবে। তবে সে সহায়তা ভর্তুকি বা ইনসেনটিভ না দিয়ে একটি তহবিল গঠন করে সেই তহবিল থেকে কম সুদে অথবা বিনা সুদে ক্ষতিগ্রস্তদের ঋণ দিলে ভালো ফল পাওয়া যাবে।" মন্ত্রী-সাংসদদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ না দেওয়ারও পরামর্শ দেন তিনি। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ তসলিম বলেন, "অনেক চেষ্টা ও সৌভাগ্যের কারণে আমাদের মূল্যস্ফীতি ৬ শতাংশের কাছাকাছি নেমে এসেছে। আগামীতে আরও কমবে বলে ধারণা করা হচ্ছে। এই মূল্যস্ফীতি যাতে আর না বাড়ে সে ব্যাপারে বাজেটে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।" নতুন বাজেটে বিদ্যৎ খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন তিনি। একইসঙ্গে অধ্যাপক তসলিম কৃষি খাতকেও অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। বিশ্ব মন্দা মোকাবেলায় ব্যাংক ঋণের সুদের হার কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানান তিনি। আলোচনায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এইচএ/২১৩৯ঘ.