ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার বিক্রির হিড়িকে রোববার সপ্তাহের শুরুতেই পুঁজিবাজারে দরপতন ঘটে। দেশের দুটি শেয়ার বাজারের প্রায় ৭০ শতাংশ শেয়ারের দাম কমেছে এদিন।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক দিনের শুরুতে কিছুটা বাড়লেও পরে সারাদিনই সূচক পড়তে থাকে।
শেয়ার বাজারের কর্মকর্তারা জানান, খুচরা বিনিয়োগকারীরা রোববার সারাদিনই তাদের শেয়ার বিক্রিতে ব্যস্ত ছিলেন।
লতিফ সিকিউরিটিজের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেয়ার কেনার হার ছিল অপেক্ষাকৃত কম।"
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক বা ডিজিইএন ৩২ দশমিক ২ পয়েন্ট বা ১ দশমিক ২২ শতাংশ কমে ২৫৯০ দশমিক ৫৬-এ দাঁড়ায়। আর ডিএসআই ৩১ দশমিক ১ পয়েন্ট বা ১ দমমিক ৪২ শতাংশ কমে ২১৪৮ দশমিক ১৬ হয়।
এক্সচেঞ্জের ব্লু-চিপ ডিএসই-২০ ৯ দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ৪৭ শতাংশ কমে ২০৫৯ দশমিক ৫০ হয়।
এই দিন ৬৯টি শেয়ারের দাম বাড়ার বিপরীতে ১৬৯টি শেয়ারের দাম কমে। দাম অপরিবর্তিত থাকে সাতটি শেয়ারের।
রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে টেক্সটাইল, সিমেন্ট ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারে ব্যাপক লোকসান হওয়ায় দিন শেষে সূচক ছিল নিম্নগামী। তবে ব্যাংকগুলোর শেয়ারের মূল্য বেড়েছে।
বিশেষ ক্যাটাগরির শেয়ার সূচক বা সিএসসিএক্স ৬৩ দশমিক ৪৫ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ কমে ৫১৪৩ দশমিক ৫৯ হয়।
সার্বিক শেয়ার সূচক বা সিএএসপিআই ১১৯ দশমিক ০৪ পয়েন্ট বা ১ দশমিক ৪৭ শতাংশ কমে ৭৯৪৯ দশমিক ৩৬ হয়।
ব্লু-চিপ সিএসই-৩০ সূচক ১৬ দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ কমে ৬২৩৯ দশমিক ৬২৩৯ দশমিক ৫৩ হয়।
এই শেয়ারবাজারে ১১৯টি শেয়ারের দাম কমেছে, ৪৪টির দাম বেড়েছে এবং একটি মাত্র শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
শেয়ার বাজার বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বিক্রির এই প্রবণতা 'কিছুটা বিপদজনক'।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রধান নির্বাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সালাউদ্দিন আহমেদ বলেন, "এই ঘটনা (গণবিক্রয়) গত চার দিন ধরে নিয়মিত ঘটছে। এতে মনে হচ্ছে বিনিয়োগকারীদের আস্থা ক্রমেই কমছে।"
শেয়ার মার্কেটে লেনদেনের পরিমাণ কমতে থাকাকে আস্থা কমতে থাকার লক্ষণ বলে মন্তব্য করেন তিনি।
তবে শেয়ার বাজার পরিচালনাকারীরা তার এ মতের সঙ্গে একমত নন।
ডিএসই'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, লাভ উঠিয়ে নেওয়ার এই প্রবণতায় বিপদের কোন আশঙ্কা নেই। সূচক নামতে থাকলেও লেনদেনের পরিমাণ বাড়ছে।
রোববার টানা পঞ্চম দিনের মতো শেয়ার বাজারে সূচক পতনের ঘটনা ঘটে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে রোববার ৫৬৬ কোটি টাকার ২ কোটি ৯৪ লাখ ২৮ হাজার ৫২৭টি শেয়ার লেনদেন হয়। বৃহস্পতিবার এই পরিমাণ ছিল ৬৪৭ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এ দিন ৬৩ কোটি ৭৬ লাখ ১৮ হাজার টাকার ৫৫ লাখ ৪০ হাজার ৬৪৩টি শেয়ার লেনদেন হয়। বৃহস্পতিবার এই পরিমাণ ছিল ৭৪ কোটি ৪০ লাখ ৮২ হাজার টাকা।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে থাকা সামিট পাওয়ারের শেয়ারের দাম ৬ দশমিক ২৪ শতাংশ কমে ১১০৩ টাকা ৫০ পয়সা হয়। এই প্রতিষ্টানটির মোট ৪০ কোটি ৩৪ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
এর পরের অবস্থানেই থাকা বেক্সিমকোর শেয়ারের দাম ৩ দশমিক ৯৫ শতাংশ কমে ২০৯ টাকা হয়। মোট লেনদেন হয় ৩২ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার।
তিতাস গ্যাসের শেয়ারের দাম ১ দমমিক ৪৬ শতাংশ বেড়ে ৪৮৫ টাকায় দাঁড়ায়। মোট লেনদেন হয় ২০ কোটি ৭৯ লাখ ৫৬ হাজার টাকার।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম ২ দশমিক ০৪ শতাংশ কমে ১৬২ টাকা ৫০ পয়সা হয়। মোট লেনদেন হয় ১৭ কোটি ৭৪ লাখ ৯১ টাকার।
ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ারের দাম ১০ দশমিক ১৭ শতাংশ কমে ৫৪১ টাকা হয়। মোট লেনদেন হয় ১৭ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকার।
এছাড়া দাম কমেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, যমুনা ওয়েল এবং বিএসআরএসএম স্টিলসের। দাম বেড়েছে ডেসকো'র শেয়ারের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/কিউএইচ/এইচএ/২৩২০ঘ.
bdnews24