২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বণ্ড ছেড়ে কালো টাকা সাদা করার সুপারিশ এফবিসিসিআই'র

দেশে বিনিয়োগ বাড়াতে আগামী ২০০৯-১০ অর্থ বছরের বাজেটে সাড়ে ৭ শতাংশ সুদে পাঁচ বছর মেয়াদী বণ্ড বাজারে ছেড়ে কালো টাকা (অপ্রদর্শিত আয়) সাদা করার সুযোগ দিতে সরকারের কাছে সুপারিশ করেছে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশে বিনিয়োগ বাড়াতে আগামী ২০০৯-১০ অর্থ বছরের বাজেটে সাড়ে ৭ শতাংশ সুদে পাঁচ বছর মেয়াদী বণ্ড বাজারে ছেড়ে কালো টাকা (অপ্রদর্শিত আয়) সাদা করার সুযোগ দিতে সরকারের কাছে সুপারিশ করেছে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)। সোমবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই মিলনায়তনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের উপস্থিতিতে প্রাক-বাজেট আলোচনায় এফবিসিসিআই সভাপতি আনিসুল হক এ সুপারিশ পেশ করেন। তিনি বলেন, "বিশ্বমন্দার কারণে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, রপ্তানি আয় ও বৈদেশিক সাহায্যের পরিমাণ আশঙ্কাজনকহারে হ্্রাস পেতে পারে। এ পরিস্থিতিতে অর্থনৈতিক সঙ্কট মোকাবেলার জন্য ব্যাপক বিনিয়োগের মাধ্যমে শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়ন ছাড়া আমাদের সামনে আর বিকল্প কোনো পথ খোলা নেই। "আর এজন্যই আমরা এফবিসিসিআইয়ের পক্ষ থেকে আগামী বাজেটে কোনো প্রশ্ন ছাড়া সাড়ে ৭ শতাংশ সুদে পাঁচ বছর মেয়াদী বণ্ড বাজারে ছাড়ার মাধ্যমে কালো টাকা (অপ্রদর্শিত আয়) সাদা করার প্রস্তাব করছি।" এফবিসিসিআই সভাপতি আশা প্রকাশ করেন যে, সরকার এ সুযোগ দিলে দেশে বিনিয়োগ বাড়বে, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। যার সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। এফবিসিসিআই'র এ সুপারিশের ব্যাপারে এনবিআর চেয়ারম্যান সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে আবদুল মজিদ বলেন, "ব্যাক্তিগতভাবে আমি মনে করি কোনো টাকাই অলস পড়ে থাকা উচিৎ নয়। সব টাকাই অর্থনীতির মূলধারায় আসা উচিৎ।" গত শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে এক মতবিনিময় সভায় সাবেক অর্থ মন্ত্রী ও তত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টারা আগামী বাজেটে কম সুদে পাঁচ বছর মেয়াদী বণ্ড ছেড়ে কালো টাকা সাদা করার প্রস্তাব করেছিলেন। অর্থমন্ত্রী তাদের ওই প্রস্তাবকে 'ইন্টারেষ্টিং' বলে মন্তব্য করেন। আগামী অর্থবছরের বাজেট প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, "বিশ্বমন্দা আরও তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তার ধাক্কা আমাদের উপর ভালোভাবেই পড়বে বলে মনে হচ্ছে। আর এ বিষয়টি সক্রিয় বিবেচনায় রেখে আগামী বাজেট প্রণয়ন করা হবে।" দেশে বিনিয়োগ বাড়াতে নতুন বাজেটে স্থানীয় শিল্পের বিকাশের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান। প্রাক-বাজেট আলোচনায় এফবিসিসিআই'র পক্ষ থেকে আয়কর সংক্রান্ত ১৪টি, মূল্য সংযোজন কর (ভ্যাট) সংক্রান্ত ৮টি এবং আমদানি শুল্ক সম্পর্কিত ১০টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এ প্রসঙ্গে আনিসুল হক বলেন, বাজেটকে সামনে রেখে এটা এফবিসিসিআই'র প্রাথমিক প্রস্তাবনা। জুন মাসে বাজেট পেশের আগে সার্বিক বিষয় পর্যালোচনা করে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব পেশ করা হবে। আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিসিআই সহ-সভাপতি আবু আলম চৌধুরী, আবুল কাশেম আহমেদ, বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বিকেএমইএ সহ-সভাপতি জাইবুল হক প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা এফবিসিসিআই'র সাবেক সভাপতি সালমান এফ রহমান ও আব্দুল আউয়াল মিন্টু । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২১৫০ঘ.