২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সবকটি সূচকে পতন

ক'দিন ধরে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বুধবার দ্বিতীয় দিনের মতো দরপতন হয়েছে পুঁজিবাজারে। এদিন লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ারের ৭০ ভাগেরই দাম পড়ে গেছে। লতিফ সিকিউরিটিজের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে বলেন, "কয়েকটি বীমা প্রতিষ্ঠান ছাড়া আজ (বুধবার) বেশিরভাগ খাতের শেয়ারের দাম কমেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 04:14 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক'দিন ধরে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বুধবার দ্বিতীয় দিনের মতো দরপতন হয়েছে পুঁজিবাজারে। এদিন লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ারের ৭০ ভাগেরই দাম পড়ে গেছে। লতিফ সিকিউরিটিজের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে বলেন, "কয়েকটি বীমা প্রতিষ্ঠান ছাড়া আজ (বুধবার) বেশিরভাগ খাতের শেয়ারের দাম কমেছে।" মূলত মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় সূচক ও লেনদেন পড়েছে বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচকে পতন হয়েছে। সাধারণ মূল্যসূচক ৩৭ দশমিক ৮৫ পয়েন্ট বা ১ দশমিক ৪৭ শতাংশ কমে দাঁড়ায় ২৫২৩ দশমিক ৭৮ পয়েন্টে। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩০ দশমিক ৪৮ পয়েন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ কমে হয়েছে ২০৯১ দশমিক ৩৭ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৩ দশমিক ৪৫ পয়েন্ট বা ১ দশমিক ১৮ শতাংশ কমে ১৯৮৭ দশমিক ১০ পয়েন্টে দাঁড়ায়। লেনদেনকৃত প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত ছিল ২টির দাম। এদিন ডিএসইতে ৩৩৫ কোটি টাকার ২ কোটি ৬৮ লাখ ৫ হাজার ৮৫২টি শেয়ার লেনদেন হয়। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৪৮৪ কোটি টাকা। অন্যদিকে, ব্যাংক, কাগজ ও সেবাখাতের শেয়ার লেনদেন কম হওয়ায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্যসূচক পড়েছে। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১১৮ দশমিক ৩২ পয়েন্ট বা ১ দশমিক ৫০ শতাংশ কমে হয়েছে ৭৯৯২ দশমিক ৫২ পয়েন্ট। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৮০ দশমিক ০২ পয়েন্ট বা ১ দশমিক ৫৬ শতাংশ কমে হয়েছে ৫০৪৩ দশমিক ৭২ পয়েন্ট। সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৩৫ শতাংশ কমে ৬১২২ দশমিক ২২ পয়েন্ট হয়। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ১২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৩৬টির দাম এবং ১টির দাম অপরিবর্তিত ছিল। এ বাজারে ৪১ কোটি ১৩ লাখ ৩২ হাজার টাকার মোট ৫৪ লাখ ৩৯ হাজার ১০০টি শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেনের অঙ্ক ছিল ৫৮ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার টাকা। ডিএসইতে দিনের লেনদেনের তালিকার শীর্ষে ছিল সামিট পাওয়ার। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ২ দশমিক ৮২ শতাংশ কমে এক হাজার ১০৫৯ টাকা ২৫ পয়সা হয়েছে। এর পরে থাকা তিতাস গ্যাসের শেয়ারের দাম ১ দশমিক ৫৪ শতাংশ কমে ৪৯৩ টাকা হয়। এছাড়া শীর্ষ দশে থাকা অন্য কোম্পানির মধ্যে রয়েছে শাইনপুকুর সিরামিক্স, বেক্সিমকো, এআইএমএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম স্টিল, ডেসকো, ইস্টার্ন হাউজিং লি ও এস আলম কোল্ড রোল্ড স্টিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/২২১০ঘ.