আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, ২৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কোনো অবস্থাতেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পক্ষে নন তত্ত্বাবধায় সরকারের সাবেক দুই অর্থ উপদেষ্টা আকবর আলি খান ও এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
গত ২১ মার্চ (শনিবার) অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠকে বাজারে বণ্ড ছাড়ার মাধ্যমে কালো টাকা সাদা করার প্রস্তাব বা সুপারিশও করেননি তারা।
'কম সুদে বাজারে পাঁচ বছর মেয়াদী বন্ড ছাড়ার মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন সাবেক অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা' শিরোনামে অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে কয়েকটি জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত খবরের প্রতিবাদ জানিয়েছেন সাবেক এই দুই উপদেষ্টা।
২১ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাবেক অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও সাবেক অর্থ সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ওই সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, সাবেক অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টারা কম সুদে পাঁচ বছর মেয়াদী বন্ড ছেড়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন।
অর্থমন্ত্রী আরো বলেছিলেন, "তাদের এই প্রস্তাব ইন্টারেষ্টিং।"
এ প্রসঙ্গে আকবর আলি খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত শনিবারের ওই বৈঠক বা মতবিনিময় সভায় সাবেক অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টাদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, মির্জ্জা আজিজুল ইসলাম এবং আমি উপস্থিত ছিলাম। এ তিন জনের কেউই আমরা কালো টাকা সাদা করা সংক্রান্ত কোনো প্রস্তাব অর্থমন্ত্রীকে দিইনি।"
তিনি বলেন, সাবেক অর্থ সচিব মতিউল ইসলাম কম সুদে বাজারে বণ্ড ছাড়ার মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়টি উত্থাপন করেছিলেন। এর বাইরে ওই মতবিনিময় সভায় অন্য কেউ এ সংক্রান্ত কোনো প্রস্তাব করেননি।
'অর্থমন্ত্রী মিডিয়ায় কেনো বললেন আমরা (সাবেক অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টারা) বন্ড ছাড়ার মাধ্যমে কালো টাকা সাদা করার প্রস্তাব করেছি- এ বিষয়টি আমার কাছে বোধগম্য নয়' বলেন আকবর আলি খান।
এ বিষয়ে একই মন্তব্য করলেন মির্জ্জা আজিজুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি সব সময়ই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিপক্ষে ছিলাম। এখনও আছি। সেই আমি কী করে অর্থমন্ত্রীকে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব দিতে যাবো।
"অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে আমি দুই বার বৈধভাবে উপার্জিত আয় কোনো কারণে ট্যাক্সের বাইরে রয়ে গেছে (অপ্রদর্শিত বা অঘোষিত আয়)-এ ধরনের আয় জরিমানা সাপেক্ষে বৈধ করার সুযোগ দিয়েছিলাম। কোনো ধরনের কালো টাকা (অবৈধভাবে উপার্জিত আয়) সাদা করার সুযোগ দিইনি।"
কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াকে 'অনৈতিক' বলে আখ্যায়িত করেন মির্জ্জা আজিজ।
কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিরোধিতা করে আকবর আলি খান আরও বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে খুব বেশি লাভ হয় না। এর আগেও বহুবার এ সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু খুব বেশি কালো টাকা সাদা হয়নি। সরকারের কোষাগারেও ট্যাক্স হিসেবে তেমন অর্থ জমা পড়েনি।
এপ্রসঙ্গে তিনি জানান, এর আগে একবার শুধু কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সাড়া পাওয়া গিয়েছিল। সেটা ছিল বিগত-বিএনপি জামায়াত জোট সরকারের শেষ সময়ে। তার একটা সুনির্দিষ্ট কারণও ছিল। ওই সময় পাঁচ বছর ব্যাপক দুর্নীতির মাধ্যমে যারা অবৈধ অর্থ (কালো টাকা) বানিয়েছিলেন তারা শেষ সময়ে এসে ঐ টাকা বৈধ (সাদা) করার জন্য সরকারকে এক ধরনের চাপ দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ আদায় করে নিয়েছিলেন ।
সাবেক এই উপদেষ্টা বলেন, বার বার কালো টাকা সাদা করার সুযোগ দিলে কালো টাকা ধরা পড়ার সুযোগ চিরতরে বন্ধ হয়ে যাবে। সবাই তাদের উপার্জিত অর্থ ঘরে রেখে দেবে। কোনো ট্যাক্স দেবে না। কারণ তারা জানে, সরকার সুযোগ দেবে; তখন কিছু জরিমানা দিয়ে, কোনো ঝামেলা ছাড়াই কালো টাকা সাদা করে নেবেন তারা।
'এ কারণে আমার দৃষ্টিতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া মানে দেশে কালো টাকা সৃষ্টির এক ধরনের সুযোগ করে দেওয়া ' বললেন আকবর আলি খান।
ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিসহ (এফবিসিসিআই) বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবার বিশ্ব অর্থনীতির মন্দার কারণে আগামী ২০০৯-১০ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। ইতিমধ্যে তারা অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে এ প্রস্তাব করেছে।
গত বুধবার এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের উপস্থিতিতে এক প্রাক-বাজেট আলোচনায় এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বিশ্বমন্দার প্রেক্ষাপটে দেশে বিনিয়োগ বাড়াতে আগামী বাজেটে সাড়ে ৭ শতাংশ সুদে পাঁচ বছর মেয়াদী বণ্ড বাজারে ছেড়ে কালো টাকা (অপ্রদর্শিত আয়) সাদা করার সুযোগ দিতে সরকারের কাছে সুপারিশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২০৪৫ঘ.
bdnews24