২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব মন্দা: ঋণ পরিশোধের সময় বাড়ানোর কথা ভাবছে সরকার

বিশ্ব অর্থনীতির চলমান মন্দায় ক্ষতিগ্রস্ত খাতের ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর কথা বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ শনিবার একথা জানিয়েছেন। তবে এর জন্য ঢালাওভাবে 'ঋণখেলাপির সংজ্ঞা' পরিবর্তন করা হবে না বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 04:04 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, ২৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান মন্দায় ক্ষতিগ্রস্ত খাতের ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর কথা বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ শনিবার একথা জানিয়েছেন। তবে এর জন্য ঢালাওভাবে 'ঋণখেলাপির সংজ্ঞা' পরিবর্তন করা হবে না বলে জানান তিনি। শনিবার রাজধানীর ধানমণ্ডিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি আয়োজিত 'বিশ্ব মন্দার প্রভাব মোকাবেলা'-শীর্ষক এক আলোচনা সভার পর সাংবাদিকদের গভর্নর একথা বলেন। গভর্নর বলেন, "বিশ্ব অর্থনীতির মন্দার কারণে আমাদের ব্যাংকিং খাতে স্বল্পমেয়াদে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মন্দার কারণে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক, বস্ত্র খাতসহ কয়েকটি রপ্তানি খাত ক্ষতির মুখে পড়তে পারে। এর ফলে এসব খাতে দেয় ব্যাংক ঋণও ঝুঁকির মুখে পড়তে পারে।" এ কারণে ক্ষতিগ্রস্ত খাতগুলোর ব্যাংক ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সালেহউদ্দিন আহমেদ। তবে যারা ক্ষতিগ্রস্ত হবেন কেবল তারাই এ সুবিধা পাবেন বলে জানান গভর্নর। দেশের ভেতরে ব্যাপক কর্মসংস্থান ও বাজার (চাহিদা) তৈরি করতে পারলে বিশ্ব মন্দার প্রভাব সহজেই মোকাবেলা করা যাবে বলেও এসময় মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসকে/২২০৪ঘ.