২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে কৃচ্ছ্রসাধনের বাজেট প্রণয়নের পরামর্শ

বিশ্বমন্দার প্রেক্ষাপটে আগামী ২০০৯-১০ অর্থবছরের জন্য কৃচ্ছ্রসাধনের বাজেট প্রণয়ন করতে অর্থমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন সাত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যরা। বহুল আলোচিত কালো টাকা সাদা করার বিষয়ে বিভিন্ন ধরনের মত দিয়েছেন তারা। কমিটির কয়েকজন সভাপতি ও সদস্য কালো টাকা সাদা করার সুযোগকে 'অনৈতিক' আখ্যায়িত করে কোনো অবস্থাতেই আগামী বাজেটে এ সুযোগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 01:24 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, ২৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বমন্দার প্রেক্ষাপটে আগামী ২০০৯-১০ অর্থবছরের জন্য কৃচ্ছ্রসাধনের বাজেট প্রণয়ন করতে অর্থমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন সাত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যরা। বহুল আলোচিত কালো টাকা সাদা করার বিষয়ে বিভিন্ন ধরনের মত দিয়েছেন তারা। কমিটির কয়েকজন সভাপতি ও সদস্য কালো টাকা সাদা করার সুযোগকে 'অনৈতিক' আখ্যায়িত করে কোনো অবস্থাতেই আগামী বাজেটে এ সুযোগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন। কেউ কেউ আবার বিশ্বমন্দা বিবেচনায় রেখে শিল্প খাতে কালো টাকা সাদা করার সুযোগ দিতে বলেছেন। দু-একজন বাজারে বণ্ড ছেড়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পরামর্শ দেন। রোববার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় তারা এসব পরমর্শ দেন। আলোচনা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের একথা জানান। অর্থমন্ত্রী বলেন, "আমরা মহা মন্দার কবলে পড়ে গেছি। আগামী বছরটা (২০১০ সাল) খুবই কঠিন হবে। আজকের (রোববার) প্রাক-বাজেট আলোচনায় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যরা এ বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেছেন। তারা আগামী বাজেট সম্পর্কে বেশ কিছু দিক-নির্দেশনা দিয়েছেন।" মুহিত বলেন, ওইসব দিক-নির্দেশনার মধ্যে 'সবচেয়ে গুরুত্বপূর্ণ' বিষয়টি হচ্ছে বিশ্বমন্দার প্রভাব মোকাবেলায় সরকারের অপ্রয়োজনীয় খরচ যথাসম্ভব কমিয়ে এনে কৃচ্ছ্রসাধনের বাজেট দেওয়ার প্রস্তাব। সেইসঙ্গে তারা মন্দা মোকাবেলায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার সুপারিশ করেন বলে জানান অর্থমন্ত্রী। কৃষক যাতে তাদের উৎপাদিত পণ্যের নায্যমূল পায় সেদিকটিও বিবেচনার পরামর্শ দেন তারা। অর্থমন্ত্রী জানান, যারা কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার পক্ষে তারা বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া অনৈতিক। এ ধরনের সুযোগ দেওয়া বর্তমান সরকারের মোটেই সমীচিন হবে না বলে তারা মনে করেন। এ তিন প্রস্তাবের মধ্যে কোনটি বিবেচনা করা হবে জানতে চাইলে তিনি বলেন, "এখনও সে সময় আসেনি। বাজেট নিয়ে আরও অনেক আলোচনা হবে। অন্যান্য স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা হবে। সব আলোচনা শেষে সবার মতামত নিয়ে কালো টাকা সাদা করার ব্যাপারে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।" মুহিত জানান, আলোচনায় প্রায় সব সভাপতি ও সদস্য বিশ্ব মন্দার কবল থেকে রক্ষা পেতে আমাদের অভ্যন্তরীন সম্পদ অর্থ্যাৎ রাজস্ব আদায় বাড়ানোর উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। আর এজন্য কর আদায় ব্যবস্থা সহজ করাসহ নতুন নতুন খাত চিহ্নিত করার পরামর্শ দেন তারা। দেশে বিনিয়োগ বাড়ানোর উপরও জোর দেন তারা বলে জানালেন অর্থমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, "আগামী বছরের শেষের দিকে মন্দা কেটে যাবে বলে আমরা আশা করছি। সে সময় বিশ্ববাজারে নানা ধরনের সুযোগ সৃষ্টি হবে। সে সুযোগ কাজে লাগাতে হলে আমাদের অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে।" বিশ্বমন্দার কারণে চলতি ২০০৮-০৯ অর্থবছরের বাজেট সংশোধন করা হবে কিনা জিজ্ঞেস করা হলে মুহিত জানান, চলতি বাজেট ছিল ৯৯ হাজার কোটি টাকার। মন্দার কারণে এ বাজেট হয়তো সংশোধনের প্রয়োজন হতে পারে। এ বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বক্তব্য দেয়া হবে। প্রাক-বাজেট আলোচনায় পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, অর্থ, পরিকল্পনা ও বাণিজ্য মন্ত্রণালয় এবং সরকারের প্রতিশ্র"তি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিসহ আরও তিনটি স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/এইচএ/২১০০ঘ.