২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঝণ দেওয়ার চিন্তাভাবনা

বিশ্বমন্দার প্রেক্ষাপটে দেশে বিনিয়োগ বাড়াতে নারী উদ্যোক্তাদের জামানত ছাড়া ঋণ দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। আর এজন্য কর্মসংস্থান ব্যাংককে শক্তিশালী করার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 04:48 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, ২৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিশ্বমন্দার প্রেক্ষাপটে দেশে বিনিয়োগ বাড়াতে নারী উদ্যোক্তাদের জামানত ছাড়া ঋণ দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। আর এজন্য কর্মসংস্থান ব্যাংককে শক্তিশালী করার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (বিডব্লিউসিসিআই) আয়োজিত উইমেনস ন্যাশনাল বিজনেস এজেণ্ডার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সরকারের এ চিন্তাভাবনার কথা জানান। তিনি নারী উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, "আমি আপনাদের কাছে কোনো অঙ্গীকার করছি না। তবে ব্যাংকগুলো যাতে আপনাদের জামানত ছাড়া ঋণ দেয় তা নিশ্চিত করতে সরকারের শীর্ষ মহলের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবো।" প্রধান অতিথির বক্তৃতায় মুহিত আরো বলেন, ভারতে কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) জামানতবিহীন ঋণ ব্যবস্থা চালু আছে। আমাদের এখানে গ্রামীণ ব্যাংক কিছু কিছু খাতে জামানত ছাড়া ঋণ দিচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। সরকারি-বেসরকারি ব্যাংকগুলো যাতে এসএমই ও কৃষি খাতে জামানত ছাড়া ঋণ দেয়-সে বিষয়টি আমাদের চিন্তা করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, আমি একজন নারী হিসেবে এটুকু বলতে চাই, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডসহ প্রতিটি ক্ষেত্রে নারী সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা নিজেরা এগিয়ে না আসলে কেউ আমাদের এগিয়ে নিয়ে আসবে না। তিনি প্রয়োজনে আন্দোলন-সংগ্রাম করে (নারী) অধিকার আদায়ের পরামর্শ দিয়ে বলেন, 'বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না'। এ প্রসঙ্গে নিজের জীবনের উদাহরণ টেনে সাহারা খাতুন বলেন, "আমি ৬৬ বছরে পা দিয়েছি। আমার পরিবারের সব মেয়ে বোরকা পরতো। আমার বড় বোন বোরকা পরতো। কিন্তু আমি বোরকা পরিনি। পরিবারের অনেক বাধা-বিপত্তি পেরিয়ে আমি বোরকা না পরে ঘর থেকে বেরিয়ে এসেছি। এখন আর কোনো সমস্যা হয় না। পরিবারের সদস্যরাও মেনে নিয়েছেন।" বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, "বিশ্ব অর্থনীতিতে মন্দা চলছে। এতে আমাদের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের মোট দেশজ উৎপাদনে ( জিডিপি) আরএমজি'র অবদান অনেকটাই। মন্দার কারণে আমাদের জিডিপি প্রবৃদ্ধি যাতে কমে না যায় সেজন্য অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।" আর এ জন্য নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণসহ নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার সুপারিশ করেন তিনি। অনুষ্ঠানে উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমেদ উইমেন ন্যাশনাল বিজনেস এজেন্ডা উপস্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২২৪০ঘ.