ঢাকা, ২৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি সংস্থা 'উন্নয়ন সমুন্নয়' আগামী ২০০৮-০৯ অর্থবছরের বাজেটে সিগারেট ও তামাক জাতীয় পণ্যের ওপর আরো বেশি কর আরোপের সুপারিশ করেছে।
রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় সমুন্নয়-এর চেয়ারম্যান অর্থনীতিবিদ আতিউর রহমান এ প্রস্তাব করেন।
এনবিআর দপ্তরে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
সমুন্নয়ের বাজেট প্রস্তাবে আতিউর রহমান মূল্যস্ফীতির বর্তমান হার বিবেচনায় রেখে তামাকপণ্যের প্রকৃত মূল্যের কমপক্ষে ৫ শতাংশ বৃদ্ধি ধরে সব ধরনের তামাক পণ্যের খুচরা মূল্যের ওপর করের হার ১৫ শতাংশ বৃদ্ধি করার সুপারিশ করেন।
পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, এ হারে বাড়তি কর আরোপ করা হলে দেশে সিগারেট ও বিড়ির ব্যবহার বছরে ২ হাজার ৫০০ কোটি শলাকা কমতে পারে যা বর্তমানে ব্যবহৃত সিগারেট ও বিড়ির মোট সংখ্যার এক পঞ্চমাংশ।
এ বাড়তি কর ধার্যের ফলে সরকারের রাজস্ব আদায় ৯৫০ কোটি টাকা বাড়বে বলে জানান আতিউর রহমান।
এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, জাতিসংঘের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশকে প্রতিবছর তামাক জাতীয় পণ্যের ওপর কর বৃদ্ধি করতে হয়।
সমুন্নয়ের বাজেট প্রস্তাবে আরও বলা হয়, বিড়ির মূল্য 'অত্যন্তসস্তা' বলে প্যাকেট প্রতি বিড়ির ওপর ২ টাকা হারে সুনির্দিষ্ট করারোপ করতে হবে। এছাড়া জর্দা, গুল ও সাদাপাতার মতো ধোঁয়াবিহীন তামাকপণ্যের ওপর বর্তমান প্রযোজ্য ভ্যাট ছাড়াও নতুন করে সম্পূরক শুল্ক আরোপ করতে হবে।
আতিউর রহমান বলেন, একটি জাতির মধ্যে ধূমপানের মতো একটি বিনাশী উদ্যোগ দীর্ঘদিন থাকতে পারেনা। নতুন প্রজন্মকে সিগারেট ও বিড়ির আসক্তি থেকে মুক্তির উদ্যোগ নিতে হবে।
এনবিআর চেয়ারম্যন মোহাম্মদ আবদুল মজিদ বলেন, তামাকপণ্যে করারোপের মাধ্যমে রাজস্ব আদায়ই প্রধান উদ্দেশ্য নয়, জনস্বাস্থ্য রক্ষাই আসল উদ্দেশ্য। মুক্তবাজার অর্থনীতিতে এমনভাবে শুল্ক বিন্যাস করতে হবে যাতে বিদেশ থেকে সিগারেট আসতে না পারে। স্থানীয় বাজার থেকে বিদেশী সিগারেটের দাম কম হলে আমদানি বাড়বে বলে সতর্ক করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২৩৩৯ঘ.
bdnews24