২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পুঁজিবাজারে দ্বিতীয় দিনের মতো দর পতন

বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ঢাকার পুঁজিবাজারে দর পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শুরুতে ভালো অবস্থায় থাকা সাধারণসূচক মধ্যভাগে এসে পড়তে শুরু করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 05:41 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ঢাকার পুঁজিবাজারে দর পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শুরুতে ভালো অবস্থায় থাকা সাধারণসূচক মধ্যভাগে এসে পড়তে শুরু করে। মার্কেন্টাইল ব্যাংকের লভ্যাংশ ঘোষণার পরবর্তী মূল্য সমন্বয়ের কারণে সাধারণ সূচকের সমন্বয় করা হয়। সূচক পড়ার এটিও একটি কারণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। ডিএসই'র সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে শুরু করেছে। এ অবস্থায় লেনদেন ঠিকই আছে। লেনদেন শেষে এদিন সাধারণ মূল্যসূচক ১৫ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ পড়ে গিয়ে দাঁড়ায় ২৫৩৭ দশমিক ৯৯ পয়েন্টে। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১২ দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ কমে হয়েছে ২১৯৪ দশমিক ৯৪ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৫ দশমিক ৪৫ পয়েন্ট বা দশমিক ৭২ শতাংশ কমে ২১০২ দশমিক ০৫ পয়েন্ট হয়। এদিন ডিএসইতে ৪৯৬ কোটি টাকার ৩ কোটি ৪৩ লাখ ১২ হাজার ৬৩০টি শেয়ার লেনদেন হয়। সোমবার টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ ছিল ৫৫৭ কোটি টাকা। লেনদেনকৃত ২৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত ছিল ৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আনোয়ার সিকিউরিটিজের একজন কর্মকর্তা জানান, বাজারে আসার প্রথম দিনেই মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম ৬০০ শতাংশ বেড়েছে। নতুন শেয়ার বাজারে আসার দিন এরকম অস্বাভাবিক কিছু নয়। মার্কেন্টাইল ব্যাংকের লভ্যাংশ ঘোষণার পরবর্তী মূল্য সমন্বয়ের কারণে সাধারণ সূচক সমন্বয় করা হয়েছে। এ কারণে সূচক পড়েছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া দিনের মধ্যভাগে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও দিনের লেনদেনকে প্রভাবিত করেছে বলে জানান ওই কর্মকর্তা। ব্যাংক, ওষুধ ও কাগজ খাতের শেয়ারের দাম পড়ে যাওয়ায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দরপতন হয়েছে মঙ্গলবার। সিএসইতে ৬২ কোটি ৩৬ লাখ ৬১ হাজার টাকার ৬৮ লাখ ২ হাজার ১১টি শেয়ার লেনদেন হয়। আগের দিন এই লেনদেনের পরিমাণ ছিল ৭৬ কোটি ৮লাখ টাকা। এ বাজারে ১১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৫০টির দাম এবং ৩টির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৬১ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ৭৪ শতাংশ কমে ৮১৩৩ দশমিক ৯৪ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৪২ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ কমে হয়েছে ৫২৪৬ দশমিক ৮৪ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৪৯ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ কমে ৬৪৪৩ দশমিক ০৬ পয়েন্ট হয়। দিনের লেনদেনের তালিকার শীর্ষে ছিল প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। বাজারে আসার প্রথম দিনেই এর শেয়ার ৫৫ টাকা থেকে বেড়ে ৭১ টাকা ৬০ পয়সায় ওঠে। সামিট পাওয়ারের শেয়ারের দাম এক দশমিক ৩৫ শতাংশ বেড়ে ১০২৫ টাকা হয়। সামিট অ্যালায়েন্সের শেয়ারের দাম ১২ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১৭৪৯ টাকা ২৫ পয়সা হয়েছে। এছাড়া এক দশমিক ০৪ শতাংশ পড়ে গিয়ে ১৬১ টাকা ৭০ পয়সায় দাঁড়ায় বেক্সিমকো ফার্মার শেয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/২৩৪১ঘ.