ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব ঠেকাতে 'বিশেষ প্যাকেজ'র ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এফবিসিসিআই এর একটি প্রতিনিধি দল রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে তিনি একথা বলেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব আবুল কালাম আজাদ।
আলোচনায় ভোজ্যতেলের দাম কমানোয় ব্যবসায়ীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজ উদ্যোগে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর জন্য ব্যবসায়ীদের আহবান জানান প্রধানমন্ত্রী।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেন, "সরকাররের পক্ষ থেকে বিশ্ব মন্দা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় 'বিশেষ প্যাকেজ'র ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অর্থ মন্ত্রীকে এই পরিস্থিতি প্রতিনিয়ত পর্যবেক্ষণের নিদের্শও দেওয়া হয়েছে।"
স্থানীয় শিল্প অটুট রেখে রপ্তানি নিরবিচ্ছিন্ন থাকার জন্যও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ব্যবসায়ীদের জানিয়েছেন প্রধানমন্ত্রী।
কোনো কোনো দেশে শ্রম বাজার নিয়ে জটিলতা সৃষ্টি হলেও তা নিরূপণ করে আরো নতুন নতুন শ্রম বাজার খোঁজ করা হচ্ছে বলে বলেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, মংলা বন্দরসহ দেশের সব নদী-নালার খনন করা হবে।
দেশের অনুন্নত ও অবহেলিত অঞ্চলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে জানিয়ে সেখানে ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানান শেখ হাসিনা। একইসঙ্গে তিনি বিশ্বে অর্গানিক ফল ও সবজির বিশাল বাজারের বিষয়টি তুলে ধরে ব্যবসায়ীদের এসব পণ্যের রপ্তানিতে উদ্যোগী হওয়ার আহবান জানান।
তিনি বলেছেন, সরকারি ও বেসরকারি খাতকে সমান গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুৎ সমস্যা সমাধানে ব্যবসায়ীদের নিজ নিজ শিল্প-কলকারখানার জন্য নিজ উদ্যোগে বিদ্যুৎ উৎপাদনের আহবান জানান প্রধানমন্ত্রী। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে নিজেদের চাহিদা পূরণ করে তা আশেপাশের এলাকায় সরবরাহ করা যায় কিনা সে আহ্বানও জানিয়েছেন তিনি।
তিনি বলেছেন, ভোলায় বিদ্যুত উৎপাদন কেন্দ্র চালু করা হবে।
প্রধানমন্ত্রী জানান, জল বিদ্যুৎ উৎপাদনের বিষয়েও সরকার গুরুত্বের সঙ্গে বিবচেনা করছে।
ঢাকার জলাধারগুলো যেন আর বন্ধ না হয়ে যায় সেজন্য ব্যবসায়ীদের আরো সজাগ হওয়ার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।
আবুল কালাম আজাদ বলেন, "প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই বিডিআর সদর দপ্তরে সংকটময় পরিস্থিতি মোকাবিলায় দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর সর্বাত্মক সহযোগিতার জন্য তাদের ধন্যবাদ জানান।
"বিডিআরে কর্মরত সেনাবাহিনীর সুশিক্ষিত ও মেধাবী কর্মকর্তাদের হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের হত্যাকাণ্ড অমানবিক।"
প্রধানমন্ত্রী বিডিআরের ঘটনায় একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে পেরেছেন বলে ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীর প্রশংসা করেন বলে জানান তথ্য সচিব।
আগামীতে এ ধরনের আর কোনো সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হবে না বলে আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, "আমি কখনোই সংঘাতময় পরিস্থিতি চাই না। আমি শান্তি চাই। এ ধরনের পরিস্থিতিতে দেশের ব্যবসায়িক পরিবেশ নষ্ট হয় এবং রপ্তানি কমে যায়। বিভিন্ন দেশে শান্তিরক্ষার কাজে আমাদের দেশের সেনাবাহিনী ও পুলিশ যে সুনাম অর্জন করেছে এ রকম সংঘাতময় পরিস্থিতিতে তাও ব্যাহত হবে। এজন্য সবাইকে সজাগ ও সর্তক থাকতে হবে।"
এফবিসিসিআই'র সভাপতি আনিসুল হকের নেতৃত্বে ৪১ সদস্যের প্রতিনিধি দলটি সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
এ সময় আবুল কালাম আজাদ ছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১৬৩৭ ঘ.
bdnews24